ফখরুদ্দীন ও মইন ইউ আহমেদকে চিঠি
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এবং ওই সময়ের সেনাবাহিনী প্রধান মইন ইউ আহমেদকে আগামী ১৮ এপ্রিল সংসদীয় উপকমিটির সভায় উপস্থিত হতে চিঠি দেওয়া হয়েছে। বাসার ঠিকানা না পাওয়ায় ফখরুদ্দীনের চিঠি মন্ত্রিপরিষদ বিভাগে আর মইন ইউ আহমেদের চিঠি সেনা সদর দপ্তরে পাঠানো হয়েছে।আজ মঙ্গলবার সংসদ সচিবালয়ের কমিটি শাখা-৭ থেকে সিনিয়র সহকারী সচিব শাহ মাহমুদ সিদ্দিক স্বাক্ষরিত এ চিঠি মন্ত্রিপরিষদ বিভাগের সচিব বরাবর পাঠানো হয়। একই সঙ্গে সাবেক সেনাপ্রধান মইন ইউ আহমেদকে হাজির হওয়ার জন্য সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বরাবর চিঠি দেওয়া হয়।এ দুজনের ব্যক্তিগত ঠিকানা খুঁজে না পাওয়ায় এ দুই ঠিকানায় চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেয় সংসদীয় উপকমিটি। চিঠিতে সংসদীয় কমিটিতে ওই দুজনের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।তবে ফখরুদ্দীন আহমদ ও মইন ইউ আহমেদ দুজনই বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে জানা গেছে।বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র, শিক্ষক ও সেনাসদস্যের মধ্যে সহিংস ঘটনা তদন্তে এ দুজনকে কমিটির সভায় ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়।জানতে চাইলে কমিটির আহ্বায়ক রাশেদ খান মেনন বলেন, ওই ঘটনার সময় দায়িত্বরত দুই সেনা কর্মকর্তার সাক্ষ্যের ভিত্তিতেই ফখরুদ্দীন আহমদ ও মইন ইউ আহমেদকে কমিটির সভায় আমন্ত্রণ জানানো হয়েছে।