ফখরুদ্দীন ও মইনকে সংসদীয় কমিটিতে আবার আমন্ত্রণ
বিগত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ও সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) মইন উ আহমেদকে আবারও সংসদীয় কমিটির সভায় আসতে বলা হয়েছে। তাঁরা যুক্তরাষ্ট্র থেকে পৃথক চিঠি পাঠিয়ে জানিয়েছিলেন, স্বাস্থ্যগত কারণে তাঁদের পক্ষে বৈঠকে যোগ দেওয়া সম্ভব নয়। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটি আগামী ৫ জুন এ দুজনকে সভায় হাজির হতে বলেছে। এ জন্য আবারও তাঁদের কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিটি।গতকালের সভায় ফখরুদ্দীন আহমদ ও মইন উ আহমেদের পাঠানো চিঠিকে ‘অর্থহীন’ হিসেবে আখ্যায়িত করা হয়। সভায় ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও উপস্থিত ছিলেন। আগামী ১৯ মের বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২০০৭ সালের আগস্টে সংঘটিত সহিংসতায় নির্যাতিত শিক্ষার্থী ও ছাত্রনেতাদের বক্তব্য শোনারও সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠক শেষে কমিটির আহ্বায়ক রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, ‘২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠের ঘটনাকে কেন্দ্র করে ছাত্র, শিক্ষক ও সেনাসদস্যের মধ্যে সৃষ্ট সহিংসতা প্রসঙ্গে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের দুই প্রধান কুশীলবের পাঠানো লিখিত বক্তব্যকে “অর্থহীন” মনে করছে কমিটি।’ তিনি বলেন, লিখিত বক্তব্যে ফখরুদ্দীন আহমদ ও মইন উ আহমেদ শুধু দুই দিনের ঘটনার বর্ণনা দিয়েছেন, যা অর্থহীন। ২০০৭ সালের ওই সহিংসতার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের নামে দুই মাস ধরে ছাত্র-শিক্ষকদের গ্রেপ্তার-নির্যাতনের ঘটনা ঘটে। এ সময় ছাত্র-শিক্ষকদের বিরুদ্ধে ৬৪টি মামলা হয়। এসব বিষয় তাঁরা এড়িয়ে গেছেন। ওই ঘটনার পর তাঁদের নির্দেশে বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ভীতির রাজত্ব কায়েম হয়েছিল এবং জিজ্ঞাসাবাদের নামে ছাত্র-শিক্ষকদের অমানুষিক নির্যাতন করা হয়েছিল। সে ব্যাপারে তাঁরা কিছুই বলেননি। উল্টো তাঁরা সংসদীয় কমিটিকে সে সময়কার বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদন দেখতে বলেছেন। কিন্তু ওই প্রতিবেদন অসম্পূর্ণ। প্রতিবেদনে মূল বিষয়কেই পাস কাটিয়ে যাওয়া হয়েছে।মেনন বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওই সময়ের ঘটনার যে রোমহর্ষক বর্ণনা দিয়েছেন, তা শুনেই তৎকালীন রাজশাহীর র্যাব-৫-এর প্রধানকে বৈঠকে ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটি জানতে পেরেছে, সে সময় র্যাবই রাজশাহীর শিক্ষকদের নির্যাতন করেছিল।এক প্রশ্নের জবাবে মেনন বলেন, সংসদীয় কমিটিতে আসা অসম্মানজনক কিছু নয়। এখানে লজ্জার কিছু নেই। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও সংসদীয় কমিটিতে হাজির হয়েছেন।২০০৭ সালে জরুরি অবস্থার সময় ছাত্র-শিক্ষকদের সঙ্গে সেনাসদস্যদের সহিংস ঘটনা তদন্তে গত বছরের ১৯ আগস্ট এই উপকমিটি গঠন করা হয়।