ফখরুদ্দীন ও মইনকে সংসদীয় কমিটির সভায় আসতে চিঠি
বিগত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এবং ওই সময়ের সেনাপ্রধান মইন উ আহমেদকে ১৮ এপ্রিল সংসদীয় উপকমিটির সভায় উপস্থিত হতে চিঠি দেওয়া হয়েছে। বাসার ঠিকানা না পাওয়ায় ফখরুদ্দীনের চিঠি মন্ত্রিপরিষদ বিভাগে ও মইন উ আহমেদের চিঠি সেনা সদর দপ্তরে পাঠানো হয়েছে।মঙ্গলবার সংসদ সচিবালয়ের কমিটি শাখা-৭ থেকে জ্যেষ্ঠ সহকারী সচিব শাহ মাহমুদ সিদ্দিক স্বাক্ষরিত এ চিঠি মন্ত্রিপরিষদ বিভাগের সচিব বরাবর পাঠানো হয়েছে। একই সঙ্গে সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদকে হাজির হওয়ার জন্য সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বরাবর চিঠি দেওয়া হয়েছে।চিঠিতে সংসদীয় কমিটিতে ওই দুজনের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ড. ফখরুদ্দীন ও মইন উ আহমেদ দুজনই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে জানা গেছে।তত্ত্বাবধায়ক সরকারের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র, শিক্ষক ও সেনাসদস্যের মধ্যে সহিংস ঘটনা তদন্তে এ দুজনকে কমিটির সভায় ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়। ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন এ কমিটির আহ্বায়ক।মেনন সাংবাদিকদের বলেন, ওই ঘটনার সময় দায়িত্বরত দুই সেনা কর্মকর্তার সাক্ষ্যের ভিত্তিতেই ফখরুদ্দীন আহমদ ও মইন উ আহমেদকে কমিটির সভায় আমন্ত্রণ জানানো হয়েছে।গত ২৭ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটির চতুর্থ বৈঠকে ফখরুদ্দীন আহমদ ও মইন উ আহমেদকে ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই দিন উপকমিটির বৈঠকে বিশ্ববিদ্যালয়ের ঘটনার অধিকতর তদন্তে তৎকালীন চিফ অব স্টাফ জেনারেল সিনা ইবনে জামালী, ডিজিএফআইয়ের পরিচালক এ টি এম আমিন, ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল বারী ও কর্নেল সামসুল আলম খানকে (সামস) ডাকা হয়েছিল।সে সময় সেনা সদর দপ্তর থেকে জানানো হয়, এ টি এম আমিনকে তাঁর ঠিকানায় পাওয়া যায়নি। আর ফজলুল বারী পলাতক।সিনা ইবনে জামালী ও কর্নেল সামস সংসদীয় কমিটির কাছে বলেছিলেন, ওই ঘটনায় ডিজিএফআইয়ের কোনো ভূমিকা ছিল না। ডিজিএফআই সরাসরি সেনাপ্রধান ও প্রধান উপদেষ্টার নির্দেশ মেনে ওই সময় কাজ করেছে। এর আগে কমিটির সভায় ওই সহিংস ঘটনার জন্য একটি বিশেষ গোয়েন্দা সংস্থাকে দায়ী করেন তৎকালীন শিক্ষা উপদেষ্টা আইয়ুব কাদেরী।গত বছরের ১৯ আগস্ট এই সংসদীয় উপকমিটি গঠন করা হয়।