ফখরুদ্দীন-মইন ছাড়াই সংসদীয় কমিটির বৈঠক চলছে
বিগত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ও সাবেক সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদকে ছাড়াই আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটির বৈঠক শুরু হয়েছে। আজ ওই দুজনের উপস্থিত হওয়ার কথা ছিল। যুক্তরাষ্ট্র থেকে পাঠানো তাঁদের পৃথক দুটি চিঠির পরিপ্রেক্ষিতে কমিটি গত ১৮ এপ্রিল তাঁদের হাজির হওয়ার জন্য আরও দেড় মাস সময় দেয়। বৈঠক শেষে কমিটির আহ্বায়ক রাশেদ খান মেনন পরবর্তী করণীয় সম্পর্কে জানাবেন বলে জানা গেছে।প্রসঙ্গত, ২০০৭ সালে জরুরি অবস্থার সময় ছাত্র-শিক্ষকদের সঙ্গে সশস্ত্র বাহিনীর সহিংস ঘটনায় সাক্ষ্য দেওয়ার জন্যই এ দুজনকে ডাকা হয়েছিল। এ ঘটনা তদন্তে গত বছরের ১৯ আগস্ট এই উপকমিটি গঠন করা হয়। গত ১৩ এপ্রিল মইন ও ১৬ এপ্রিল ফখরুদ্দীনের লিখিত বক্তব্য সংবলিত চিঠি পায় উপকমিটি। এর আগে বিগত আমলের এই দুই প্রভাবশালী ব্যক্তিকে এই উপকমিটির সভায় উপস্থিত হতে বলা হয়। এ জন্য গত ২৯ মার্চ সংসদ সচিবালয়ের পক্ষ থেকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বরাবর পৃথক দুটি চিঠি পাঠানো হয়েছিল। ওই চিঠি সম্পর্কে রাশেদ খান মেনন বলেছিলেন, ‘লিখিত বক্তব্যে ফখরুদ্দীন আহমদ এবং মইন উ আহমেদ শুধু দুই দিনের ঘটনার বর্ণনা দিয়েছেন, যা অর্থহীন। ২০০৭ সালের ওই সহিংসতার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের নামে দুই মাস ধরে ছাত্র-শিক্ষকদের গ্রেপ্তার-নির্যাতনের ঘটনা ঘটে। এ সময় ছাত্র-শিক্ষকদের বিরুদ্ধে ৬৪টি মামলা হয়। এসব বিষয় তাঁরা এড়িয়ে গেছেন।’ তিনি আরও বলেন, ‘ওই ঘটনার পর তাঁদের (ফখরুদ্দীন-মইন উ আহমেদ) নির্দেশে বিশ্ববিদ্যালয়গুলোসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ভীতির রাজত্ব কায়েম হয়েছিল এবং জিজ্ঞাসাবাদের নামে ছাত্র-শিক্ষকদের ওপর অমানুষিক নির্যাতন করা হয়েছিল। কিন্তু সে ব্যাপারে তাঁরা কিছুই বলেননি। উল্টো তাঁরা সংসদীয় কমিটিকে সে সময়কার বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদন দেখতে বলেছেন। ওই প্রতিবেদন আমরা আগেই দেখেছি। ওটা অসম্পূর্ণ প্রতিবেদন। ওই প্রতিবেদনে মূল বিষয়কেই পাশ কাটিয়ে যাওয়া হয়েছে।’