ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-সেনা সংঘর্ষ
ফখরুদ্দীন মইন মতিন আমিন ও বারীর শাস্তির সুপারিশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-সেনা সংঘর্ষ এবং ছাত্র-শিক্ষকদের নির্যাতনের ঘটনায় তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ, স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন ও সেনাপ্রধান জেনারেল (বর্তমানে অবসরপ্রাপ্ত) মইন উ আহমেদসহ আরও কয়েকজন কর্মকর্তাকে দায়ী করেছে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটি। এসব কর্মকর্তাকে প্রচলিত আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার সুপারিশ করে প্রতিবেদন চূড়ান্ত করেছে কমিটি।অভিযুক্ত ব্যক্তিদের তালিকায় আরও আছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) তৎকালীন দুই পরিচালক (বর্তমানে অবসরপ্রাপ্ত) মেজর জেনারেল এ টি এম আমিন ও ব্রিগেডিয়ার জেনারেল চৌধুরী ফজলুল বারী এবং ডিজিএফআইয়ের কর্নেল শামসুল আলম খান (কর্নেল শামস) ও পুলিশের তৎকালীন মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ।কমিটি সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার উপকমিটির আহ্বায়ক রাশেদ খান মেননের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ প্রতিবেদন চূড়ান্ত করা হয়। প্রতিবেদনটি ২১ ডিসেম্বর মূল কমিটির সভায় উপস্থাপন করা হবে। এরপর তা সুপারিশ আকারে সরকারের কাছে পাঠানো হবে।সভা শেষে রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, উপকমিটি দায়ীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে। তিনি বলেন, যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁদেরই অভিযুক্ত করা হয়েছে। কোনো চুনোপুঁটিকে ধরা হয়নি। ২০০৭ সালের ২০ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যদের সংঘর্ষ বাধে। ছাত্রদের ওপর সেনাবাহিনীর নির্যাতনের প্রতিবাদে ২২ আগস্ট পর্যন্ত চলে বিক্ষোভ।এ ঘটনা তদন্তের জন্য গত ১৯ আগস্ট রাশেদ খান মেননকে আহ্বায়ক এবং বীরেন শিকদার, শাহ আলম ও মির্জা আজমকে সদস্য করে সংসদীয় উপকমিটি গঠন করা হয়। এরপর কমিটি পর্যায়ক্রমে ছাত্র, শিক্ষক ও সেনা কর্মকর্তাদের সাক্ষাৎকার গ্রহণ করে। বিদেশে থাকা সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ লিখিত এবং মইন উ আহমেদ লিখিত ও টেলিকনফারেন্সের মাধ্যমে কমিটির কাছে বক্তব্য দেন। সূত্র জানায়, সংসদীয় উপকমিটির প্রতিবদেনে ১১টি পর্যবেক্ষণ ও ১৩টি সুপারিশ রয়েছে। এর মধ্যে বর্তমানে প্রচলিত পদমর্যাদাক্রম (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) সংশোধন করে সেনা কর্মকর্তাদের ওপর জনপ্রতিনিধিদের অবস্থান নিশ্চিত করা এবং বিভিন্ন সময় জিজ্ঞাসাবাদের জন্য ব্যবহূত টিএফআই (টাস্কফোর্স ফর ইন্টারোগেশন) ও জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি) বন্ধ, ওই ঘটনায় আহতদের চিকিৎসা-ব্যয় ও নির্যাতনকারীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়, সিন্ডিকেটের অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয় এলাকায় সেনাক্যাম্প স্থাপন না করা এবং সংসদীয় কমিটিতে হাজির হয়ে সাক্ষ্য দেওয়া বাধ্যতামূলক করতে আইন প্রণয়নের সুপারিশ করা হয়েছে।