ফখরুদ্দীন-মইনের বিচার করার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর বিএনপি আলাদাভাবে গতকাল সোমবার ‘কালো দিবস’ পালন করেছে। বিকেলে নগরের লালদীঘি ময়দানে মহানগরের সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে একাংশ এবং দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে আবদুল্লাহ আল নোমানের অনুসারী হিসেবে পরিচিত অন্য অংশ সমাবেশ করে। উভয় সমাবেশে বক্তারা সরকার এবং বিগত তত্ত্বাবধায়ক সরকার ও সাবেক সেনাপ্রধানের কঠোর সমালোচনা করেন।রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার পরিপ্রেক্ষিতে ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এই দিনটিকে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব ‘কালো দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেন।লালদীঘির সমাবেশে আয়োজকেরা জানান, তাঁদের অনুষ্ঠানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের উপস্থিত থাকার কথা ছিল। তবে পারিবারিক কারণে তিনি ঢাকা থেকে চট্টগ্রামে আসতে পারেননি। শেষ মুহূর্তে নগর কমিটির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীকে অনুষ্ঠানের প্রধান অতিথি করা হয়। গতকাল ৪১ ওয়ার্ড ও ১১ থানার এলাকা থেকে দলীয় নেতা-কর্মীদের কালো পতাকা হাতে নিয়ে সমাবেশে যোগ দিতে দেখা গেছে।সমাবেশে আমীর খসরু মাহমুদ চৌধুরী বিগত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এবং সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদের সমালোচনা করে বলেন, ‘কালো দিবসের নায়ক ফখরুদ্দীন-মইনউদ্দীনরা এখনো ঘুরে বেড়াচ্ছেন। এক-এগারোর সঙ্গে আজকের সরকারের আঁতাত আছে। এ কারণে ফখরুদ্দীন-মঈনুদ্দীনদের বিচার করছে না সরকার। তাঁরা আমার নেত্রীকে (খালেদা) কারাগারে পাঠিয়েছেন। তারেক রহমানের কোমর ভেঙে দিয়েছেন। আমরা বাংলার জনগণকে আশ্বস্ত করে বলতে চাই, বিএনপি তাঁদের বিচার করবেই।’গতকাল লালদীঘি ময়দানে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ ওয়াহিদুল আলম বিশেষ অতিথির বক্তৃতা করেন। নগর বিএনপির সহসভাপতি দস্তগীর চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে সহসভাপতি আবু সুফিয়ান, শামছুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক এস এম নছরুল কাদির এবং বিভিন্ন থানা বিএনপির সভাপতি ও সম্পাদকেরা সমাবেশে বক্তৃতা করেন।নাসিমন ভবনের সমাবেশ: নাসিমন ভবন চত্বরের আরেক সমাবেশে বক্তারা এক-এগারোর জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ, সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ, সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদ ও শেখ হাসিনাকে দায়ী করেন। আবদুল্লাহ আল নোমানের অনুসারীরা আলাদা এ সমাবেশের আয়োজন করে। বক্তারা লালদীঘি ময়দানে সমাবেশের আয়োজকদের ইঙ্গিত করে বলেন, ‘এক-এগারোর মাধ্যমে বিএনপির কারা ত্যাগী, আর কারা সুবিধাবাদী, সেটা চেনা গেছে।’নাসিমন ভবন চত্বরের সমাবেশে বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রমিক সম্পাদক ও নগর কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক এম নাজিম উদ্দিন, খুলশী থানার আহ্বায়ক আবদুস সাত্তার বক্তৃতা করেন। নগর বিএনপির সাবেক সহসভাপতি ওয়ার্ড কাউন্সিলর শামসুল আলম এতে সভাপতিত্ব করেন।উত্তর জেলা বিএনপি: নাসিমন ভবন চত্বরের অদূরে উত্তর জেলা বিএনপির আরেকটি সমাবেশ হয়। উত্তর জেলার সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সভাপতিত্বে ওই সমাবেশে সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, সাংসদ মোস্তফা কামাল পাশা, বিএনপির নেতা এস এম ফজলুল হক, কবির চৌধুরী ও মো. কামাল উদ্দিন বক্তৃতা করেন। এ সমাবেশেও আওয়ামী লীগ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের কঠোর সমালোচনা করা হয়।