ফখরুদ্দীন মানিক শিবিরের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত
ইসলামী ছাত্রশিবিরের নতুন সাধারণ সম্পাদক নির্বাচত হয়েছেন ফখরুদ্দীন মানিক। আজ শনিবার সংগঠনের কার্যকর পরিষদের সদস্যদের ভোটে তিনি নির্বাচিত হন। ঢাকা হোমিও মেডিকেল কলেজের ছাত্র ফখরুদ্দীন মানিক আজ থেকেই দায়িত্ব নিয়েছেন বলে প্রথম আলোকে জানিয়েছেন শিবিরের প্রচার সম্পাদক।এর আগে ছাত্রশিবিরের সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় কমিটির ২৬ সদস্য পদত্যাগ করেন। গত সোমবার সন্ধ্যায় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে ২৫ নেতা তাঁদের পদত্যাগপত্র জমা দেন। আগের দিন রোববার পদত্যাগপত্র জমা দেন সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।জানা গেছে, সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মী ফারুক হোসেনকে হত্যার ঘটনায় শিবিরের জড়িত থাকার অভিযোগ, বর্তমান সভাপতি রেজাউল করিমের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের প্রতি ক্ষোভের কারণে এই ২৬ জন পদত্যাগ করেছেন।শিবিরের একটি সূত্র জানায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে শিবিরের সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়। সম্প্রতি সভাপতির স্বেচ্ছাচারিতার কারণে তাঁদের বিরোধ তীব্র হয়ে ওঠে। এ কারণে কেন্দ্রীয় কমিটির এতজন নেতা একসঙ্গে পদত্যাগ করেছেন।