ফখরুদ্দীনকে অর্থমন্ত্রী দেখতে চেয়েছিলেন মাহমুদুর রহমান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্ভাব্য পরবর্তী বিএনপি সরকারের অর্থমন্ত্রী হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফখরুদ্দীন আহমদকে দেখতে চেয়েছিলেন বিনিয়োগ বোর্ডের তৎকালীন নির্বাহী চেয়ারম্যান ও জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান। বিগত চারদলীয় জোট সরকারের ক্ষমতার শেষ বছরে তিনি এ কথা বলেছিলেন বলে উইকিলিকসের ফাঁস করা এক মার্কিন তারবার্তায় উল্লেখ করা হয়েছে। ঘটনাচক্রে এই ফখরুদ্দীন আহমদই পরবর্তী সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন।ঢাকার মার্কিন দূতাবাসের ওই কূটনৈতিক তারবার্তায় বলা হয়েছে, ২০০৬ সালের ৭ ফেব্রুয়ারি দূতাবাসের অর্থনীতিবিষয়ক কর্মকর্তা বাংলাদেশের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলের যুক্তরাষ্ট্র সফরের সূচি নিয়ে মাহমুদুর রহমানের সঙ্গে বৈঠক করেন। ওই প্রতিনিধিদলের নেতৃত্বে থাকার কথা ছিল মাহমুদুর রহমানের।বৈঠকে মাহমুদুর রহমান নির্বাচনের আগে বিএনপির জন্য বাধা হয়ে ওঠা জ্বালানি ও অবকাঠামোগত সমস্যার অনেকগুলোর জন্যই তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমানের সমালোচনা করেন। তিনি বলেন, সাইফুর রহমান বয়সের ভারে ন্যুব্জ, অদূরদর্শী এবং প্রযুক্তির এই যুগে দেশ পরিচালনার জন্য যে অন্তর্দৃষ্টি প্রয়োজন, তা তাঁর নেই।টাটার বহুল আলোচিত ২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব বিষয়ে মাহমুদুর রহমান আক্ষেপ করে বলেন, ২০০৭ সালের নির্বাচনের আগে ওই চুক্তির বিষয়ে ফয়সালার সম্ভাবনা নেই। তিনি আলোচনা থেমে যাওয়ার জন্য টাটার ‘অযৌক্তিক’ দাবিকেই দোষারোপ করে বলেন, টাটা যে দামে গ্যাস চেয়েছিল, তা উৎপাদন খরচের অনেক কম এবং সরকার-ঘোষিত সর্বনিম্ন দরের অর্ধেকেরও কম।তারবার্তার ভাষ্যমতে, মাহমুদুর রহমান বলেন, টাটার সঙ্গে চুক্তির বিষয়টি ক্ষমতাসীন বিএনপি ও বিরোধী দল আওয়ামী লীগ উভয়ের জন্য একটি রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। টাটার সঙ্গে চুক্তির ব্যাপারে নমনীয় ভাব দেখালে কী হবে, তার রাজনৈতিক তাৎপর্য নিয়ে উদ্বিগ্ন বিএনপি। কারণ আওয়ামী লীগ অভিযোগ করছে যে সরকার ভারতের স্বার্থে নিজেদের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে। মাহমুদুর রহমানের মতে, নির্বাচন এগিয়ে আসছে বলে এ ধরনের সমালোচনা আরও তীব্র হবে। তিনি বলেন, এ ধরনের রাজনৈতিক পরিস্থিতিতে টাটাকে আর কোনো ছাড় দেওয়ার রাজনৈতিক অভিলাষ নেই বিএনপির। তারবার্তায় মন্তব্যে বলা হয়েছে, মাহমুদুর রহমান ও সাইফুর রহমান বিএনপির বিপরীত দুই ধারার রাজনীতি করেন। মাহমুদুর রহমানের সমালোচনা সারবত্তাহীন না হলেও বিষয়টি ওই দৃষ্টিকোণ থেকেই বিবেচনা করা উচিত।মাহমুদুর রহমান বিদেশে থাকায় চেষ্টা করেও এ ব্যাপারে মন্তব্যের জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।