ফখরুল, আব্বাস, গয়েশ্বরসহ সাতজনের জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, যুগ্ম মহাসচিব বরকতউল্লা বুলু ও ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির জামিন মঞ্জুর করেছেন আদালত। তবে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বাকি সাত শীর্ষস্থানীয় নেতার জামিন নামঞ্জুর করা হয়েছে।আজ রোববার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহুরুল হক এ আদেশ দেন।আসামিপক্ষের আইনজীবীরা ৯ এপ্রিল পল্টন, রমনা ও শাহজাহানপুর থানায় করা সাত মামলায় ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জামিন চেয়ে ১৯টি আবেদন করেন। আদালত এর মধ্যে তিনটি মঞ্জুর করেন। জামিন নামঞ্জুর হওয়া অন্য ছয় নেতা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও আমানউল্লাহ আমান এবং যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন।এর মধ্যে মির্জা ফখরুলকে পাঁচটি মামলায়, মির্জা আব্বাস ও রুহুল কবীর রিজভীকে একটি, মওদুদ আহমদ ও মোয়াজ্জেম হোসেনকে ছয়টি এবং অন্যদের সাতটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।রিজভী ও আমানউল্লাহ আগে থেকে কারাগারে ছিলেন। তাই তাঁরা ছাড়া অন্য আট নেতা ৭ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এসব মামলার মধ্যে দ্রুত বিচার আইনে পল্টন থানায় দুটি ও শাহজাহানপুর থানায় একটি মামলা রয়েছে। পুলিশের কর্তব্যে বাধা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রমনা ও পল্টন থানায় দুটি করে চারটি মামলা করা হয়। গত ২, ৬ ও ১১ মার্চের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির ঘটনায় এসব মামলা করা হয়।