ফখরুল, খোকা ও আলতাফ মুক্ত, বাকি ১৫৪ নেতা-কর্মী কারাগারে
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ধরে নেওয়া নেতা-কর্মীদের মধ্যে ১৫৪ জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে তাঁদের আদালতে হাজির করে দুই মামলায় ১৭ দিন রিমান্ডের আবেদন করে পুলিশ। কিন্তু পর্যাপ্ত কাগজপত্র না থাকায় এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়নি। আদালত ২০ মার্চ শুনানির দিন ধার্য করেছেন। তবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সহসভাপতি সাদেক হোসেন খোকা ও আলতাফ হোসেন চৌধুরীকে ধরে নেওয়ার প্রায় ১৯ ঘণ্টা পরে গতকাল দুপুরে ছেড়ে দিয়েছে পুলিশ। ছাড়া পাওয়ার পর বেলা একটায় মিন্টো রোডের মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় থেকে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের মাইক্রোবাসে করে এই তিন নেতা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান। তাঁরা কার্যালয়ের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। এরপর সংবাদ সম্মেলন করে মির্জা ফখরুল বলেন, জনগণের চাপে তিনিসহ তিনজন নেতাকে মুক্তি দিতে সরকার বাধ্য হয়েছে। তবে আটক অন্য সব নেতাকে মুক্তি না দেওয়া হলে আন্দোলন তীব্রতর হবে। তিনি জানান, সব নেতা-কর্মীর মুক্তির দাবিতে আগামী সোম ও মঙ্গলবার আহূত হরতাল কর্মসূচি বহাল থাকবে।মির্জা ফখরুল বিএনপির কার্যালয়ে হানা দেওয়াকে ‘ইতিহাসে পুলিশের জঘন্যতম হামলা’ বলে অভিযোগ করেন। তিনি বলেন, এ ঘটনা প্রমাণ করেছে, সরকার গণতন্ত্র নস্যাৎ করতে চায়। গত সোমবার ১৮ দলের সমাবেশস্থলের কাছে ককটেল বিস্ফোরণ ‘সরকারের এজেন্সি করেছে’ বলে দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। আর বিএনপির কার্যালয়ের ভেতর থেকে ককটেল উদ্ধারের ঘটনাকে ‘পুলিশের সাজানো নাটক’ বলে মন্তব্য করেন তিনি। তাঁর অভিযোগ, পুলিশ বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। গত সোমবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেলের বিস্ফোরণকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এরপর পুলিশ বিএনপির কার্যালয়ে হানা দেয়। কয়েক ঘণ্টা ধরে পুলিশ ওই ভবনের বিভিন্ন তলায় অভিযান চালিয়ে ও মহাসচিবের কক্ষের দরজা ভেঙে মির্জা ফখরুলসহ কার্যালয়ে থাকা নেতা-কর্মীদের আটক করে।হত্যাচেষ্টা, দাঙ্গাসহ ১৩ অভিযোগ: গতকাল পুলিশ বাদী হয়ে পল্টন থানায় দুটি মামলা করে। দুই মামলার এজাহারেই ক্রমানুসারে আসামিরা হলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, কেন্দ্রীয় সদস্য হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহানসহ ১৫৪ জন। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।পল্টন থানায় দ্রুত বিচার আইনে করা মামলায় (নম্বর-২০) আসামিদের বিরুদ্ধে ভাঙচুর, রাস্তায় অগ্নিসংযোগসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। উল্লিখিত এক থেকে ছয় নম্বর আসামির বিরুদ্ধে ত্রাস ও অরাজকতার উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।অপর মামলাটি (নম্বর ২১) করা হয় বিস্ফোরক আইনে। এ মামলায় বেআইনি সমাবেশে যোগদান, অপরাধে সহায়তা, মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা, সরকারি কাজে বাধা, হত্যাচেষ্টা, পুলিশের ওপর হামলা, অনিষ্ট করে ৫০ টাকা পর্যন্ত ক্ষতিসাধনসহ দণ্ডবিধির ১২টি ধারায় অভিযোগ আনা হয়েছে।২০ মার্চ শুনানি: এই দুই মামলায় মোট ১৭ দিনের রিমান্ড চেয়ে বিএনপির ১৫৪ নেতা-কর্মীকে গতকাল বিকেলে আদালতে হাজির করা হয়। একই সঙ্গে আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। বিকেল সোয়া পাঁচটার দিকে হাকিম শহীদুল ইসলামের আদালতে শুনানি শুরু হয়। রিমান্ড শুনানির জন্য প্রয়োজনীয় কাগজপত্র (সিডি) না থাকায় আদালত প্রয়োজনীয় কাগজপত্রসহ ২০ মার্চ আবার শুনানির দিন ধার্য করেন।আসামিদের পক্ষে আইনজীবী রফিকুল ইসলাম মিয়া আদালতকে বলেন, মামলা দুটি সাজানো ঘটনা। সরকারের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে ১৮ দলীয় জোট সমাবেশ ডেকেছিল। সেটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সরকার এই নাটক সাজিয়েছে। তিনি বলেন, বিএনপির নেতা মির্জা ফখরুল, সাদেক হোসেন খোকা ও আলতাফ হোসেনকে গতকাল দুপুরে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৫৪ জনকে পুলিশ কোন যুক্তিতে গ্রেপ্তার করে রিমান্ড চাইল, এ নিয়ে তিনি প্রশ্ন তোলেন। শুনানিতে বিএনপির আইনজীবীরা আদালতকে বলে, পুলিশ ককটেল উদ্ধার করার দৃশ্য প্রচার করেছে। কিন্তু তল্লাশি অভিযান চালানোর সময় কোনো গণমাধ্যমকর্মীকে প্রবেশ করতে দেননি।এ সময় বিএনপির নেতা জয়নুল আবদিন ফারুক বক্তব্য দিতে চাইলে আদালত অনুমতি দেননি। এ নিয়ে বিএনপির আইনজীবীরা হইচই শুরু করেন। মহানগর সরকারি কৌঁসুলি (পিপি) জামিনের আবেদনের বিরোধিতা করে আদালতকে বলেন, ১৮ দলীয় জোট বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ ডাকেন। সেই সমাবেশ থেকে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে জনমনে ভীতি-আতঙ্ক সৃষ্টি করা হয়। বিএনপির কার্যালয়ে তল্লাশি চালিয়ে কয়েকটি ককটেল-বোমা উদ্ধার করা হয়েছে। এই বোমার উৎস কোথায়, তা জানতে আসামিদের রিমান্ডে নেওয়া প্রয়োজন। রাষ্ট্রপক্ষে আরও শুনানি করেন এ এফ এম রেজাউর রহমান, আবদুর সাত্তার, তাপস কুমার দত্ত, হেমায়েত হোসেন প্রমুখ আইনজীবী।