রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের মামলায় বিএনপির নেতা মওদুদ আহমদসহ ৩১ জনকে পলাতক দেখিয়ে ৪১ জনের বিরুদ্ধে গতকাল বুধবার অভিযোগপত্র দিয়েছে পল্টন মডেল থানার পুলিশ। পলাতক ৩১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়েছে।একই দিন আরেকটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ জন নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এই ২৬ জনের মধ্যে ২৪ জনই দুই মামলার আসামি। এ দুটি মামলাই আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে করা।এর আগে ২৪ মার্চ ১৮-দলীয় জোটের ১৪৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে করা একটি মামলায় অভিযোগপত্র দেয় পল্টন থানার পুলিশ। এই অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য রয়েছে। এ ছাড়া শাহজাহানপুর থানায় করা একটি মামলায়ও ইতিমধ্যে বিএনপির ২৩ জন নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।আদালত সূত্র জানায়, পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান ও ডিবির উপপরিদর্শক আনিসুল ইসলাম দ্রুত বিচার আইনে করা দুটি মামলার অভিযোগপত্র গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দাখিল করেন। ঢাকার দ্রুত বিচার-৬-এর বিচারক শাহরিয়ার মাহমুদ আদনান যথাক্রমে আগামী ৩ ও ৭ এপ্রিল অভিযোগপত্র দুটির গ্রহণযোগ্যতার শুনানির দিন ধার্য করেন।৬ মার্চ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশকে মারধর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় অভিযোগপত্র দেয় পল্টন থানার পুলিশ। এই মামলায় অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব বরকত উল্লা, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী, যুবদলের সভপতি মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন্নবী খান, সাধারণ সম্পাদক মীর শরাফত আলী, ছাত্রদলের নেতা আবদুল কাদের ভূঁইয়া, হাবিবুর রশিদ, হামিদুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি দেলোয়ার হোসেন সাঈদী, সেক্রেটারি আবদুল জব্বার, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর শাখার সভাপতি রফিকুল ইসলাম ও সেলিম উদ্দিন। এঁদেরসহ ৩১ জনকে পলাতক দেখানো হয়েছে। অভিযোগপত্রভুক্ত গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে রয়েছেন মাহমুদল হাসান, নুরুল আমিন, সেলিম রেজা, নূর মোহাম্মদ, তালেব মাহমুদ, আ. আলিম, মোরশেদ হোসেন, জিয়াউল হক, আলমগীর হোসেন ও কাজী আবু হায়াত মাহমুদ।সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় অভিযোগ থেকে যুবদলের নেতা কালাম আজাদ ও গোলাম রাব্বানী এবং জামায়াতের মহানগর শাখার নেতা আমিনুল ইসলামকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে।অপর মামলাটি করা হয় ২ মার্চ বিএনপির বিক্ষোভ মিছিল অতিক্রমকালে শান্তিনগরে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুরের ঘটনায়। ডিবি পুলিশের দেওয়া এই মামলার অভিযোগপত্রে মির্জা ফখরুল, আবদুল্লাহ আল নোমান, মওদুদ আহমদ, মির্জা আব্বাস, আমান, গয়েশ্বর, বরকত উল্লা, শহীদ উদ্দীন চৌধুরীসহ ২৬ জনকে আসামি করা হয়েছে। মির্জা ফখরুল ও নোমান ছাড়া বাকি ২৪ জনই ৬ মার্চের ঘটনায় করা মামলারও অভিযোগপত্রভুক্ত আসামি। এই মামলায় আমানকে পলাতক দেখিয়ে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া গতকাল প্রথম আলোকে বলেন, মির্জা ফখরুল, মওদুদসহ বেশ কয়েকজন আসামি হাইকোর্ট থেকে জামিনে আছেন। গতকাল বিষয়টি দরখাস্তের মাধ্যমে আদালতকে অবহিত করা হয়েছে।