ফখরুলকে গ্রেপ্তার ও হয়রানি না করার নির্দেশ
যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ ছাড়া নতুন মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার ও হয়রানি না করতে দুই মাসের অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে যথাযথ আইনি বিধান ছাড়া তাঁকে হয়রানি ও গ্রেপ্তার না করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আজ রোববার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ মির্জা ফখরুলের করা রিটের শুনানি নিয়ে এ আদেশ দেন। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শকসহ বিবাদীদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে আদালত আগামী ১৪ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেছেন।গত রোববার (২০ জানুয়ারি) যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া নতুন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে ওই দিন সকালে মির্জা ফখরুলের পক্ষে আবেদনটি দাখিল করা হয়।আদালতে মির্জা ফখরুলের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক, মওদুদ আহমদ, জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।