ফখরুলদের মামলার বিচারকাজ নতুন করে শুরুর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বাস পোড়ানোর অভিযোগে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মামলার বিচারের জন্য দ্রুত বিচার আদালত গঠন এবং আদালতের অধিক্ষেত্র নির্ধারণ করে মুখ্য বিচারিক হাকিমের দেওয়া আদেশ অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বিচারিক হাকিমকে সাত দিনের অধিক্ষেত্র নির্ধারিত ২ নম্বর দ্রুত বিচার আদালতে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মামলায় আইন অনুসারে নতুন করে বিচারের কার্যক্রম শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। পরে রায়ের বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলো ডটকমকে বলেন, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত গঠন এবং ওই আদালতের মামলা বিচারের জন্য আমলে নেওয়া অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। ইতিমধ্যে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে আইন অনুযায়ী দ্রুত বিচার আদালতের ভৌগোলিক এখতিয়ার নির্ধারণ করা হয়েছে। আইনের বিধান অনুসারে ম্যাজিস্ট্রেটও নিয়োগ করা হয়েছে। মামলায় ঘটনা সংগঠনের স্থান তেজগাঁও। এর অধিক্ষেত্র দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২। আবেদন নিষ্পত্তি করে হাইকোর্ট ওই আদালতে নতুন করে মামলার বিচারকাজ শুরু করার নির্দেশ দিয়েছেন।রিটকারী আইনজীবী মাহবুব উদ্দিন খোকন প্রথম আলো ডটকমকে বলেন, রায়ের অনুলিপি পাওয়ার পর তা পরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। একই মামলায় দুইবার অভিযোগ গঠন করা যায় কি না—এমন আইনি প্রশ্ন দেখা দিতে পারে। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৬ আগস্ট হাইকোর্ট বিচারিক আদালতের কার্যক্রমের ওপর (দ্রুত বিচার আদালত-৫) আট সপ্তাহের স্থগিতাদেশ দেন। একই সঙ্গে রুল জারি করেন। পরবর্তী সময় গত ৪ সেপ্টেম্বর ওই স্থগিতাদেশের মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়। এ অবস্থায় রাষ্ট্রপক্ষ স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে ২২ নভেম্বর আবেদন করে। চূড়ান্ত শুনানি শেষে আজ আদালত রায় দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে গাড়ি পোড়ানোর অভিযোগে গত ২৯ এপ্রিল তেজগাঁও থানায় মামলা করে পুলিশ। এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৪৬ নেতার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলাটি দ্রুত বিচার আদালত-৫-এ সাক্ষ্য গ্রহণ পর্যায়ে ছিল। তবে সরকার কর্তৃক গেজেট জারির পরিবর্তে ঢাকা মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) দেওয়া আদেশের মাধ্যমে বিচারকের বিচারিক এখতিয়ার নির্ধারণ করে দ্রুত বিচার আদালত গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৯ জুলাই বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন হাইকোর্টে রিট আবেদন করেন।