ফখরুলসহ বিএনপির নেতারা হাইকোর্ট ভবনে!
হরতালের আগের দিন গাড়ি পোড়ানোর মামলায় আগাম জামিন নিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা আজ রোববার থেকে সুপ্রিম কোর্টে অবস্থান করছেন।সুপ্রিম কোর্টের ফটকে গত কয়েক দিনের কড়া পুলিশি পাহারার কারণে এই নেতারা আগাম জামিনের জন্য আসতে পারেননি। আজ আদালত বুদ্ধপূর্ণিমার জন্য বন্ধ ছিল। এ কারণে পুলিশের তেমন কোনো পাহারা সেখানে ছিল না। আজ দিনের বিভিন্ন সময়ে বিএনপির নেতারা আদালত এলাকায় প্রবেশ করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনে অবস্থান করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।আইনজীবীদের কয়েকটি সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, স্বনির্ভর-বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার, আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম ও হাবিব-উন নবী খানসহ কয়েকজন নেতা সমিতি ভবনের কয়েকটি কক্ষে অবস্থান করছেন। বার্তা সংস্থা ইউএনবির খবরে আরও কয়েকজন নেতার অবস্থানের বিষয়টি জানা গেছে। তাঁরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আবদুস সালাম ও শহীদউদ্দিন চৌধুরী। এই নেতারাসহ মামলার অন্য আসামিরা ২৯ এপ্রিল থেকে আত্মগোপনে রয়েছেন।গত ২৯ এপ্রিল হরতালের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ কয়েকটি থানায় পৃথক মামলা দায়ের করে। মামলায় বিএনপির কেন্দ্রীয় এই নেতাসহ মোট ২২০ জনকে আসামি করা হয়। এর মধ্যে কেবল বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন আগাম জামিন পেয়েছেন। কিন্তু অন্য নেতারা আদালতে যেতে পারেননি। আদালতের বাইরে পুলিশের কড়া পাহারার কারণে জামিনের জন্য তাঁরা সেখানে যেতে পারেননি বলে বিএনপির নেতা মওদুদ আহমদ অভিযোগ করে আসছিলেন।আজ রাতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে যান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, বিএনপির সাবেক সাংসদ ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদিন ও মাহবুবউদ্দিন খোকন। তাঁরা সেখানে সোয়া নয়টা পর্যন্ত অবস্থান করেন।খন্দকার মাহবুব হোসেন বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের বলেন, সুপ্রিম কোর্ট বিচারপতি, আইনজীবী ও বিচারপ্রার্থীদের জন্য। যদি কেউ এসে থাকেন, তবে তাঁরা অন্যায় কিছু করেননি। তিনি বলেন, কাল তাঁদের জামিনের আবেদন করা হবে। এভাবে আদালত ঘেরাও রেখে পুলিশ দেশের মানুষকে ঘেরাও করে রাখছে।মাহবুবউদ্দিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আদালতে ঢোকেননি। এ ধরনের খবর সত্য নয়। বিচার পাওয়ার জন্য যে কারও আদালতে আসার অধিকার আছে। আজ বন্ধের দিন। তাঁরা কীভাবে আসবেন।তবে একটি বেসরকারি টেলিভিশনের ভিডিওফুটেজে দেখানো হয়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারসহ আরও একজনকে হেঁটে হাইকোর্টে ঢুকতে দেখা গেছে।জানা গেছে, হরতালের আগে রাজধানীর তেজগাঁওয়ে বাস পোড়ানোর মামলায় মির্জা ফখরুল ইসলামসহ ১৮ দলীয় জোটের ৪১ নেতার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হচ্ছে। দ্রুত বিচার আইনে করা এ মামলার তদন্তকারী ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, তদন্তে ওই ৪১ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র তৈরি করা হচ্ছে।তদন্ত তদারক করা ডিবির ঊর্ধ্বতন এক কর্মকর্তা গত শুক্রবার প্রথম আলো ডটকমকে বলেন, দ্রুত বিচার আইনের মামলায় সাত কর্মদিবসে অভিযোগপত্র আদালতে দাখিল করার বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী কাল সোমবার এ মামলার অভিযোগপত্র দেওয়া হবে।গত ২৯ এপ্রিল রাতে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে ফ্যালকন টাওয়ারের সামনে যাত্রীবাহী বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মির্জা ফখরুলসহ ১৮ দলীয় জোটের ৪১ জন নেতা এবং ওই বাসের সহযোগী, চালকের সহকারী ও অন্য এক যুবককে আসামি করে মামলা করা হয়। মামলাটি করেন তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল মজুমদার।