ফখরুলসহ সাত নেতার সুচিকিত্সার দাবি বিএনপির
ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সাত নেতার সুচিকিত্সার দাবি জানিয়েছে বিএনপি।আজ সোমবার বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ এ দাবি জানান। তিনি দাবি করেন, আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও চিকিত্সার জন্য ওই সাত নেতাকে হাসপাতালে নেওয়া হচ্ছে না। তাঁদের দ্রুত সুচিকিত্সার ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানান তিনি। তিনি অভিযোগ করেন, সরকারের ফরমায়েশে আদালত বিএনপির নেতাদের কারাগারে পাঠিয়েছেন।কাল মঙ্গলবার সকাল ছয়টা থেকে টানা ৩৬ ঘণ্টার হরতাল সফল করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ বলেন, সরকার বাংলাদেশকে বিশ্বের একটি বৃহত্ কারাগারে পরিণত করেছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন। সরকার গণতন্ত্রের লেবাসে বাকশাল কায়েম এবং বিরোধী দলকে নিশ্চিহ্ন করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।সালাউদ্দিন আহমেদ দাবি করেন, এই সরকারের হিংস্রতা লাগামহীন মাত্রায় বেড়ে গেছে। নির্যাতনের স্টিম রোলার যত বাড়বে, আন্দোলন তত তীব্র হবে।তিন পার্বত্য জেলা হরতালের আওতামুক্তপয়লা বৈশাখে আদিবাসীদের বৈসাবি, বিজু ও সাংগ্রাই উত্সব উপলক্ষে তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি হরতালের আওতামুক্ত থাকবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।