ফখরুলসহ ১০ নেতার জামিনের বিষয়ে আদেশ ২১ এপ্রিল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেপ্তার ১০ শীর্ষ নেতার পক্ষে জামিনের আবেদন করা হয়েছে। আজ মঙ্গলবার পল্টন, রমনা ও শাহজাহানপুর থানায় করা সাত মামলায় মহানগর দায়রা জজ জহুরুল হকের আদালতে এ আবেদন করা হয়। পরে আদালতে এ বিষয়ে আদেশের জন্য ২১ এপ্রিল তারিখ ধার্য করেন।বিএনপির আইনজীবী মাহবুব উদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার জামিনের এসব আবেদন করেন।গ্রেপ্তার হওয়া অন্য নয় নেতা হলেন: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বরকতউল্লা, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী ও যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন।এর মধ্যে মির্জা ফখরুলকে পাঁচটি মামলায়, মির্জা আব্বাস ও রুহুল কবীর রিজভীকে একটি, মওদুদ আহমদ ও মোয়াজ্জেম হোসেনকে ছয়টি মামলায় এবং অন্যদের সাতটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।রিজভী ও আমানউল্লাহ আগে থেকে কারাগারে ছিলেন। তাই তাঁদের ছাড়া অন্য আট নেতা ৭ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তাঁদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এসব মামলার মধ্যে দ্রুত বিচার আইনে পল্টনে দুটি ও শাহজাহানপুরে একটি মামলা রয়েছে। পুলিশের কর্তব্যে বাধা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রমনা ও পল্টন থানায় দুটি করে চারটি মামলা করা হয়। গত ২, ৬ ও ১১ মার্চের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির ঘটনায় এসব মামলা করা হয়।