ফখরুলসহ ১০ নেতার জামিনের শুনানি ২১ এপ্রিল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেপ্তার ১০ শীর্ষস্থানীয় নেতার পক্ষে জামিনের আবেদন করা হয়েছে। আসামিপক্ষের আইনজীবীরা গতকাল মঙ্গলবার রাজধানীর পল্টন, রমনা ও শাহজাহানপুর থানায় করা সাত মামলায় ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এ আবেদন করেন। মহানগর দায়রা জজ মো. জহুরুল হক ২১ এপ্রিল এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন। আইনজীবী সানাউল্লাহ মিয়া প্রথম আলোকে বলেন, ১০ নেতার পক্ষে জামিনের আবেদন করা হয়েছে। আদালত ২১ এপ্রিল শুনানির তারিখ ধার্য করেছেন। তাই তাঁদের ওই দিন পর্যন্ত কারাগারে থাকতে হচ্ছে। এ ছাড়া আইনজীবীদের মধ্যে আদালতে উপস্থিত ছিলেন মাহবুবউদ্দিন খোকন ও মাসুদ আহমেদ তালুকদার।গ্রেপ্তার হওয়া অন্য নয় নেতা হলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমান উল্লাহ, বরকতউল্লা, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী ও যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন। এর মধ্যে মির্জা ফখরুলকে পাঁচটি, মির্জা আব্বাস ও রুহুল কবির রিজভীকে একটি, মওদুদ আহমদ ও মোয়াজ্জেম হোসেনকে ছয়টি এবং অন্যদের সাতটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।রিজভী ও আমান উল্লাহ আগে থেকে কারাগারে ছিলেন। অন্য আট নেতা ৭ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠান। বিএনপির নেতাদের বিরুদ্ধে এসব মামলার মধ্যে দ্রুত বিচার আইনে পল্টনে দুটি ও শাহজাহানপুরে একটি মামলা রয়েছে। পুলিশের কর্তব্যে বাধা দেওয়া ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রমনা ও পল্টন থানায় দুটি করে চারটি মামলা করা হয়। গত ২, ৬ ও ১১ মার্চ ‘বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির’ ঘটনায় এসব মামলা করা হয়।সালাহ উদ্দিন তিন দিনের রিমান্ডে: এদিকে পল্টন থানার একটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম হারুন অর রশীদ এ রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে তাঁর পক্ষে করা জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে।নয়াপল্টনে গাড়ি পোড়ানো ও ককটেল বিস্ফোরণের মামলায় পল্টন থানার পুলিশ সালাহ উদ্দিনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত তিন দিন মঞ্জুর করেন।গতকাল সালাহ উদ্দিন আহমদের জামিন চেয়ে আইনজীবীরা আদালতকে বলেন, বিএনপিকে রাজনৈতিকভাবে ধ্বংস করতে নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। পুলিশ আদালতে যে প্রতিবেদন দিয়েছে তাতে রিমান্ডে নেওয়ার ক্ষেত্রে যেসব উপাদন থাকা প্রয়োজন তার কিছুই নেই। আইনজীবীরা রিমান্ডের আবেদন বাতিল করে জামিনের প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন।বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের একজন কর্মকর্তা গত সোমবার জানান, রাত পৌনে ১০টার দিকে সালাহ উদ্দিন আহমদ সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের গুলশানের বাসা থেকে বের হলে বাইরে অবস্থান নেওয়া ডিবি পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।