গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৩০ নেতার জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।এসব নেতার জামিন প্রশ্নে রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন। আবেদনকারীদের কৌঁসুলি মওদুদ আহমদ প্রথম আলোকে বলেন, গাড়ি পোড়ানোর অভিযোগে করা মামলায় জামিন মঞ্জুর হওয়ায় বিরোধী দলের এই নেতাদের কারামুক্তিতে বাধা রইল না।আরেক কৌঁসুলি জয়নুল আবেদীন বলেন, সচিবালয়ে ককটেল বিস্ফোরণের অভিযোগে মামলা থাকলেও ওই মামলায় হাইকোর্ট থেকে জামিনে আছেন এসব নেতা। অভিযোগপত্র আমলে না নেওয়া পর্যন্ত তাঁরা জামিনে থাকবেন। রোববার বিকেল নাগাদ তাঁদের বের হওয়ার সম্ভাবনা আছে। জামিন পাওয়া বিরোধী দলের নেতাদের মধ্যে আরও রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খোন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা, কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, রুহুল কুদ্দুস তালুকদার, ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, কামরুজ্জামান রতন, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ। এর আগে পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ২৭ মে হাইকোর্ট ২৯ নেতার জামিন প্রশ্নে রুল জারি করেন এবং পাঁচজন সাংসদের জামিন মঞ্জুর করেন। পাঁচ সাংসদ হলেন: বিএনপির নেতা এম কে আনোয়ার, মাহবুবউদ্দিন খোকন, শহীদ উদ্দিন চৌধুরী, এলডিপির সভাপতি অলি আহমদ ও বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান। ২৮ মে সাদেক হোসেন খোকার জামিন প্রশ্নে রুল জারি করা হয়। রুলে আবেদনকারীদের কেন জামিন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। গতকাল রুলের ওপর চূড়ান্ত শুনানি নিয়ে আদালত রুল মঞ্জুর করে আদেশ দেন। শুনানি: এর আগে শুনানিতে জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক বলেন, এই মামলায় অভিযোগের সঙ্গে এজাহারের মিল নেই। পাঁচজন আগে জামিন পেয়েছেন। মামলায় যাঁদের আসামি করা হয়েছে, তাঁদের কেউ ঘটনার সঙ্গে জড়িত নন। আদালত শারীরিক দিক, এজাহার, অভিযোগপত্র পর্যালোচনা করে জামিন দিতে পারেন।অপর আইনজীবী মওদুদ আহমদ বলেন, মামলায় শফিউল আলম প্রধানকে আসামি করা হয়েছে। অথচ ওই দিন তিনি পঞ্চগড়ে ছিলেন। পঞ্চগড়ে তিনি হরতালের সমর্থনে রাস্তা অবরোধ করেছিলেন। ছবিসহ সেই খবর বিভিন্ন পত্রিকায় এসেছে। রুহুল কুদ্দুস তালুকদার দুলু ওই দিন একটি মামলায় নাটোরের একটি আদালতে হাজিরা দিয়েছিলেন। আদালতের আদেশে তা উল্লেখ আছে। তাঁরা ওই দিন কীভাবে ঢাকায় গাড়ি পোড়ালেন? মওদুদ আহমদ বলেন, এজাহারে বলা হয়েছে, ছয়-সাতটি মাইক্রোবাসে করে আসামিরা এসে একটি বাসের গতি রোধ করে। বাদী নাকি তাঁদের প্রতিহত করতে চেষ্টা করেছেন। কিন্তু তিনি আসামিদের কাউকে ধরতে পারলেন না। চালক বা একটি গাড়িকেও আটকে রাখতে পারলেন না। এমনকি একটি গাড়ির নম্বরও লিখতে পারলেন না। এতে প্রতীয়মান হয়, মামলাটি সাজানো।রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বলেন, দ্রুত বিচার আইনে জামিনের বিধান অনুসারে মামলার নথিপত্র পর্যালোচনা করে সন্তুষ্ট হলে আদালত জামিন দিতে পারেন। এ মামলায় মুঠোফোনে আসামিদের মধ্যে কথাবার্তার সিডি সংগ্রহ করা হয়েছে, এগুলোও মামলার নথি। এগুলো দেখার পর কেবল জামিন দেওয়া যায়। এই পর্যায়ে মওদুদ আহমদ বলেন, ওই আইনে আদালত বলতে বিচারিক আদালতকে বোঝানো হয়েছে। নথি পর্যালোচনা করে জামিনের বিষয়টি সেখানকার সঙ্গে সম্পৃক্ত। জামিন আবেদনকারীদের পক্ষে শুনানিতে আরও অংশ নেন আইনজীবী জয়নুল আবেদীন, আমিনুল হক, নিতাই রায় চৌধুরী, এম বদরুদ্দোজা বাদল ও রুহুল কুদ্দুস কাজল। আর রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান। প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল হরতাল শেষে রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে গাড়ি পোড়ানোর অভিযোগে পুলিশ তেজগাঁও থানায় দ্রুত বিচার আইনে ১৮ দলীয় জোটের নেতাদের বিরুদ্ধে মামলা করে। মামলার ১১ দিনের মাথায় ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এরপর ১৬ মে মহানগর হাকিমের আদালতে ৩৩ নেতা হাজির হন। ওই দিন তাঁদের জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। এ আদেশের আবেদন করা হলে ২৩ মে ঢাকার মহানগর দায়রা জজ আদালত তাঁদের জামিন আবেদন নাকচ করেন। এর বিরুদ্ধে নেতাদের পক্ষে হাইকোর্টে জামিন চেয়ে পৃথক ১৭টি আবেদন (ফৌজদারি বিবিধ) করা হয়। গতকাল ১২টি আবেদনের ওপর শুনানি হয় বলে আইনজীবীরা জানান।