গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৩৩ জন নেতার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।আজ বুধবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হকের আদালতে এ আদেশ দেন।এর আগে আজ সকালে আসামিদের জামিন আবেদনের ওপর শুনানি হয়।আসামি পক্ষে ব্যারিস্টার রফিক-উল হক, মওদুদ আহমদ, আমিনুল হক, খন্দকার মাহবুব হোসেন, জয়নাল আবেদীন প্রমুখ আইনজীবী জামিনের বিষয়ে শুনানি করেন।রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন মহানগর পিপি আবদুল্লাহ আবু, খন্দকার আবদুল মান্নান, শাহ আলম তালুকদার, ফকির দেলাওয়ার হোসেন, তাপস কুমার পালসহ আরও অনেকে। এদিকে আজ এ মামলার শুনানি উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের উপস্থিতি দেখা যায়। দুপুরের আসামিদের জামিন নামঞ্জুর হওয়ার পর কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে বিএনপির নেতা-কর্মীরা কার্যালয়ে আসতে শুরু করেছেন। দলের যুগ্ম মহাসচিব মো. শাহজাহান বলেন, মামলাটি আইনগত বিষয়। তা আইনজীবীরা দেখছেন। রাজপথে বিষয়টি কীভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে দলের মধ্যে এবং জোটের নেতাদের সঙ্গে আলোচনা করা হবে। বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীকে উদ্ধারের দাবিতে গত ২৯ এপ্রিল হরতাল ডাকে বিএনপি। সেদিন রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অদূরে ফ্যালকন টাওয়ারের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায় পুলিশ তেজগাঁও থানায় বিএনপিসহ ১৮ দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন। মির্জা ফখরুল ইসলামসহ ৩৩ জন নেতা ১৩ মে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তা নাকচ করে তাঁদের কারাগারে পাঠিয়ে দেন। পরে ২১ মে আদালত অভিযোগপত্র গ্রহণ করেন।