ফখরুলসহ ৪১ নেতার বিরুদ্ধে দেওয়া হচ্ছে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁওয়ে বাস পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৪১ নেতার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হচ্ছে। দ্রুত বিচার আইনে করা এ মামলা তদন্তকারী ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, তদন্তে ওই ৪১ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র তৈরি করা হচ্ছে।তদন্ত তদারক করা ডিবির ঊর্ধ্বতন এক কর্মকর্তা গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, দ্রুত বিচার আইনের মামলায় সাত কর্মদিবসে অভিযোগপত্র আদালতে দাখিল করার বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী আগামী সোমবার এ মামলার অভিযোগপত্র দেওয়া হবে।গত ২৯ এপ্রিল রাতে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে ফ্যালকন টাওয়ারের সামনে যাত্রীবাহী বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মির্জা ফখরুলসহ ১৮ দলীয় জোটের ৪১ জন নেতা এবং ওই বাসের কন্ডাক্টর, চালকের সহকারী ও অপর এক যুবককে আসামি করে মামলা করা হয়। মামলাটি করেন তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল মজুমদার।তদন্ত তদারক করা ডিবির একাধিক কর্মকর্তা বলেন, তদন্তে পাওয়া গেছে ভাঙচুর ও অগ্নিসংযোগে মির্জা ফখরুল, বিএনপির নেতা এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, খন্দকার মোশাররফ হোসেন, সাদেক হোসেন, রুহুল কবির রিজভী, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ, এলডিপির সভাপতি অলি আহমদের প্রত্যক্ষ-পরোক্ষ নির্দেশনা, পরিকল্পনা রয়েছে এবং তাঁরা অর্থায়ন করেছেন।মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মো. নুরুল আমিন গতকাল প্রথম আলোকে বলেন, অগ্নিসংযোগে জড়িত অভিযোগে ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত বাসটির কন্ডাক্টর সোহেল মিয়া (২০), চালকের সহকারী জসিম (২০) এবং মানিক রতন (২৮) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের সাবেক নেতা কামরুজ্জামান ও বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার করা হয়। তাঁরা কারাগারে আটক আছেন।তদন্ত কর্মকর্তা বলেন, তদন্তে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ ও মাহবুবউদ্দিন, কেন্দ্রীয় নেতা ফজলুল হক, নাজিমউদ্দিন আলম, রুহুল কুদ্দুস তালুকদার, শহীদ উদ্দীন চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান, সাধারণ সম্পাদক মীর সরফত আলী, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খানসহ অন্যদের বিরুদ্ধে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেছে। জামায়াতের নেতা নুরুল ইসলাম, জাগপার সভাপতি শফিউল আলম প্রধানসহ ১৮ দলীয় জোটের অন্য নেতাদের বিরুদ্ধেও অভিযোগের সত্যতা মিলেছে।ওই বাসে অগ্নিসংযোগের ঘটনার পর বাসটির চালক আবু বকর প্রথম আলোকে বলেছিলেন, উত্তরা থেকে আসার পথে ফ্যালকন টাওয়ারের সামনে বাসের চাকা ফুটো হয়ে যায়। বাস থামার পর যাত্রীরা নেমে দাঁড়ান। তিনি সহকারীকে নিয়ে চাকা খোলার চেষ্টা করার সময় বাসের পেছন থেকে কারা যেন আগুন লাগিয়ে পালিয়ে যায়। বাসটির কয়েকজন যাত্রীও ঘটনার একই রকম বর্ণনা দিয়েছিলেন।