ফখরুলসহ ৪৫ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৫ জন নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।আজ বৃহস্পতিবার গোয়েন্দা পুলিশের পরিদর্শক নুরুল আমিন তেজগাঁও থানায় করা ওই মামলায় ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্রটি জমা দেন। একই সঙ্গে ৩৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিরও আবেদন করা হয়।মুখ্য মহানগর হাকিম বিকাশ চন্দ্র সাহা ১৩ মে আবেদনের শুনানির তারিখ ধার্য করেন।বর্তমানে ৪৫ আসামির মধ্যে সাতজন কারাগারে ও একজন জামিনে রয়েছেন।বিএনপির নেতা ইলিয়াস আলীকে খুঁজে পাওয়ার দাবিতে গত ২৯ এপ্রিল হরতাল চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে ফ্যালকন টাওয়ারের সামনে একটি বাসে আগুন দেয় হরতাল পালনকারীরা।ওই রাতে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৪৪ নেতা-কর্মীর নামে দ্রুত বিচার আইনে মামলা করে তেজগাঁও থানা পুলিশ। অভিযোগপত্রে ইসলামী ছাত্রশিবিরের নেতা আবদুল জব্বারের নাম বাদ দিয়ে মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মান্নান হোসেন ও তিতুমীর কলেজের ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেনের নাম অন্তর্ভুক্ত করা হয়।এই ৪৫ নেতা-কর্মীর মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ, কামরুজ্জামান রতন, মান্নান হোসেন শাহীন, ইসমাইল খান শাহীন, মানিক রতন, সোহেল ওরফে সোহান মিয়া ও জসিমউদ্দিন সাতজন কারাগারে রয়েছেন। আর যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন জামিনে রয়েছেন।এ মামলার অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে মির্জা ফখরুল ছাড়াও বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায়, আমানউল্লাহ আমান, মাহবুবউদ্দিন, ফজলুল হক, রুহুল কুদ্দুস তালুকদার, নাজিম উদ্দিন আলম, শহীদ উদ্দিন চৌধুরী, কামরুজ্জামান, সাইফুল আলম, হাবিব উন নবী, মীর শরাফত আলী, সুলতান সালাহউদ্দিন, আমিরুল ইসলাম খান, আনিসুর রহমান তালুকদার, হাবিবুর রশীদ, আবদুল মতিন, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি দেলোয়ার হোসেন, বাংলাদেশ জাতীয় পার্টির আন্দালিব রহমান, ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি শেখ শওকত হোসেন ও জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান রয়েছেন।