হরতাল ডেকেই গাড়িতে আগুন, ঠাকুরগাঁওয়ে লাগাতার হরতাল, ১৮-দলীয় জোটের ১০ এপ্রিলের পূর্বনির্ধারিত সমাবেশ স্থগিত, পর পর তিন দিন হরতালের ফাঁদে দেশ
ফখরুলসহ ৮ নেতা কারাগারে
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আট নেতার জামিন আবেদন নাকচ করার পর তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। পল্টন, রমনা ও শাহজাহানপুর থানায় দায়ের করা মামলায় তাঁরা জামিন চাইতে আদালতে গিয়েছিলেন।গতকাল রোববার ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান, সাইফুর রহমান ও আসাদুজ্জামান নূর পর্যায়ক্রমে মামলাগুলোর শুনানি গ্রহণ করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।মির্জা ফখরুল ছাড়া কারাগারে পাঠানো অন্য সাত নেতা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বরকতউল্লা, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী ও যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন।কেন্দ্রীয় নেতাদের কারাগারে পাঠানোর প্রতিবাদসহ আরও কয়েকটি দাবিতে ১৮-দলীয় জোট কাল মঙ্গলবার ও পরশু বুধবার টানা ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে। আজ হেফাজতে ইসলামের হরতাল থাকায় পর পর তিন দিন হরতালের ফাঁদে পড়ল দেশ।এ ছাড়া জোটের ১০ এপ্রিলের পূর্বনির্ধারিত ঢাকার সমাবেশ স্থগিত করা হয়েছে। নেতাদের কারাগারে পাঠানোর পরপরই গতকাল ঢাকার কয়েকটি স্থানে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।এদিকে মির্জা ফখরুলকে কারাগারে পাঠানোর প্রতিবাদে তাঁর নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে গতকাল বিকেল সাড়ে পাঁচটা থেকে অনির্দিষ্টকালের হরতাল শুরু হয়েছে। জেলা বিএনপি এ হরতালের ডাক দেয়। হরতাল ঘোষণার পরপরই বিএনপির কর্মীরা বিভিন্ন সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করেন।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান সরকারের আমলে এ নিয়ে তিনবার গ্রেপ্তার হলেন। গত বছরের ২৯ এপ্রিল প্রথম গ্রেপ্তার হন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় সে সময় তাঁর সঙ্গে ১৮-দলীয় জোটের আরও ৪৪ জন নেতাকে আসামি করা হয়। ওই মামলায় অবিশ্বাস্য দ্রুততায় মাত্র ১১ দিনের মাথায় অভিযোগপত্র দাখিল করে পুলিশ।মওদুদ আহমদ অবশ্য বর্তমান সরকারের আমলে প্রথম গ্রেপ্তার হলেন। এর আগে ২০০৭ সালের ১১ জানুয়ারি তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তিনি। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বলা হয়েছে, দলের সাংগঠনিক দায়িত্ব পালনরত বেশির ভাগ নেতাই কারাগারে আছেন। স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় কমিটির কর্মকর্তাদের মধ্যে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অন্তত ১৭ জন নেতা বর্তমানে কারাগারে আছেন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান দলীয় নেতাদের বিরুদ্ধে একের পর এক মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, মূলত বিএনপিকে দমাতে ও আন্দোলন বানচাল করতে নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। এর বিরুদ্ধে জনগণই আন্দোলন গড়ে তুলবে।জামিন শুনানি: দ্রুত বিচার আদালত-৬-এর বিচারক শাহরিয়ার মাহমুদ আদনান পল্টন থানার দুটি ও শাহজাহানপুর থানায় করা একটি দ্রুত বিচার আইনের মামলার অভিযোগপত্র গ্রহণ করেন। এই তিন মামলায় ওই আট নেতা গতকাল হাজির হন। রিজভী ও আমানউল্লাহ অন্য মামলায় আগে থেকেই কারাগারে রয়েছেন। তাঁদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল।শুনানি চলাকালে মওদুদ আহমদ ৬ মার্চের ঘটনায় করা একটি মামলার বিষয়ে আদালতকে বলেন, ওই দিন তিনি ঢাকায় ছিলেন না, গ্রামের বাড়িতে ছিলেন। রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে তাঁকে এ মামলায় জড়ানো হয়েছে।আসামিপক্ষের আইনজীবী জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকন বলেন, হরতালের ঘটনায় মির্জা ফখরুল, মওদুদ আহমদসহ শীর্ষস্থানীয় নেতাদের আসামি করে মামলা করা হয়েছে। মামলার এজাহারে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তা ছাড়া আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে আছেন। আদালত স্বাধীন। জামিন দেওয়ার ক্ষেত্রে আদালতের ক্ষমতা রয়েছে।আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার আদালতকে বলেন, দ্রুত বিচার আইনের প্রণেতা মওদুদ আহমদকে এই আইনে মিথ্যা অভিযোগে আসামি করা হয়েছে। আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতকে বলেন, মির্জা ফখরুল ইসলাম, মওদুদ আহমদসহ প্রত্যেকেই অসুস্থ এবং প্রবীণ রাজনীতিবিদ। প্রত্যেকেই উচ্চ আদালত থেকে জামিনে আছেন, তাই জামিন পেতে পারেন।আসামিপক্ষে আরও শুনানি করেন রফিকুল ইসলাম মিয়া, নিতাই রায় চৌধুরী, গোলাম মোস্তফা খান, খোরশেদ আলম মিয়া প্রমুখ আইনজীবী।রাষ্ট্রপক্ষে শুনানিতে জামিনের বিরোধিতা করেন মহানগর সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল্লাহ আবু, অতিরিক্ত পিপি শাহ আলম তালুকদার, শিহাব উদ্দিন, এ এফ এম রেজাউর রহমান ও মাহফুজুর রহমান।আদালত সূত্র জানায়, সাতটি মামলার মধ্যে মির্জা ফখরুলের বিরুদ্ধে পাঁচটি ও আবদুল্লাহ আল নোমানের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। অন্যরা সাতটি মামলারই আসামি।এসব মামলার মধ্যে দ্রুত বিচার আইনে পল্টনে দুটি ও শাহজাহানপুরে একটি মামলা রয়েছে। আর পুলিশের কর্তব্যে বাধা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রমনা ও পল্টন থানায় দুটি করে চারটি মামলা করা হয়। গত ২, ৬ ও ১১ মার্চের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির ঘটনায় এসব মামলা করা হয়।