ফখরুলের ইয়েস-নো বোধগম্য নয়: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সব দলের সম্মতিতে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন জাতীয় ঐকমত্যের আইন, যে কারণে জিয়াউর রহমান মহাক্ষমতাধর হওয়া সত্ত্বেও আইনটি বাতিল করেননি। এর অর্থ হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার তিনিও চেয়েছিলেন। আজ রোববার ‘খালেদা জিয়ার রোড মার্চ, দেশ ও জাতির সর্বনাশ’ শীর্ষক এক আলোচনা সভায় সুরঞ্জিত এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একবার বলছেন যুদ্ধাপরাধের বিচার মানেন, আরেকবার বলছেন মানেন না। কেন তিনি বারবার ইয়েস-নো, ইয়েস-নো করে যাচ্ছেন, তা আমার বোধগম্য নয়।’আওয়ামী লীগের জ্যেষ্ঠ এ নেতা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে অভিযুক্ত ব্যক্তির উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। এ সুযোগ বিশ্বের কোনো দেশের যুদ্ধাপরাধ আইনে নেই। সুতরাং এ নিয়ে খালেদা জিয়াকে অপ্রাসঙ্গিক ও অসংলগ্ন বক্তব্য থেকে সরে আসার আহ্বান জানান তিনি। আর এ অপরাধের ‘বিচার হবেই’ বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এই নেতা। দলের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর বলেন, স্বৈরশাসক গাদ্দাফি বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছিলেন। তাঁর সঙ্গে বাংলাদেশের স্বৈরশাসক জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সুসম্পর্ক ছিল। বাংলাদেশে এই স্বৈরশাসকদেরও গাদ্দাফির মতো পরিণতি হবে। মহীউদ্দীন খান আরও বলেন, নির্বাচনে হস্তক্ষেপ করার ইতিহাস বিএনপির আছে। আওয়ামী লীগ কখনো নির্বাচনে হস্তক্ষেপ করেনি। তাই নির্বাচন কমিশনকে কীভাবে শক্তিশালী করা যায়, সেই প্রস্তাব নিয়ে সংসদে আসতে বিএনপিকে আহ্বান জানান তিনি। মহীউদ্দীন বলেন, দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে।