ফখরুলের কাছে মিথ্যাচার কাম্য নয়: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সরকারের সাফল্য দেখে জাতির কাছে মিথ্যাচার করা কারও কাম্য নয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তিনি এসব কথা বলেন।আওয়ামী লীগের নেতা হানিফ আরও বলেন, ‘মির্জা ফখরুল একজন শিক্ষিত ব্যক্তি। এক সময় কলেজের শিক্ষকতাও করেছেন। আমরা সব সময় তাঁর কাছ থেকে শালীন বক্তব্য আশা করি, অশালীন বক্তব্য আশা করি না।’ আজ শনিবার দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রথম বর্ষের (ব্যাচ-১) শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।মাহবুব উল আলম হানিফ জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণের কথা উল্লেখ করে বলেন, তিন বছর আগে দেশে চালের দাম ছিল ৩৫-৪০ টাকা কেজি। এখন সেই চালের দাম ২৫-৩০ টাকার মধ্যে। তিনি বলেন, সরকার দাম কমিয়ে এনেছে। তিনি বলেন, ফখরুল ইসলাম প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করে বলেছেন, প্রধানমন্ত্রী নাকি ১০০ টাকায় ১০-১২ কেজি চাউল কেনার কথা বলেছেন। এ ধরনের মিথ্যাচার জাতির কাছে কাম্য নয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক জাহিদ হোসেন জাফর, কুষ্টিয়ার জেলা প্রশাসক বনমালী ভৌমিক, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদসহ আওয়ামী লীগের নেতারা।