ফখরুলের গাড়িবহরে হামলা, বিএনপির বিক্ষোভ কাল
লক্ষ্মীপুরে প্রতিবাদ সমাবেশ শেষে ফেরার পথে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে সন্ত্রাসী হামলার ঘটনায় কাল বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।আজ মঙ্গলবার বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদবিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে প্রতিটি জেলা ও বিভাগীয় শহরে কর্মসূচি পালনের জন্য সব নেতা-কর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।জানা গেছে, কাল বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হবে।গতকাল সোমবার লক্ষ্মীপুরে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম হত্যার সাজাপ্রাপ্ত খুনি এইচ এম বিপ্লবের ফাঁসির দণ্ড মওকুফের প্রতিবাদে সমাবেশ আয়োজন করে স্থানীয় বিএনপি। ওই সমাবেশে যোগদান শেষে ফেরার সময় মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা চালানো হয়। এতে তিন সাংবাদিকসহ অন্তত আটজন আহত হন।সংবাদবিজ্ঞপ্তিতে বিএনপি বলেছে, লক্ষ্মীপুরের কুখ্যাত সন্ত্রাসী গডফাদার আবু তাহেরের ছেলে টিপু ও শিপলুর নেতৃত্বে আওয়ামী সন্ত্রাসীরাই এই হামলা চালিয়েছে।