ফখরুলের জামিন নাকচ, রিমান্ডও নামঞ্জুর
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দুই মামলায় রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে পল্টন থানায় দায়ের করা মামলায় আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে মির্জা ফখরুলকে হাজির করা হয়। এ সময় পুলিশ তাঁর সাত দিনের রিমান্ডের আবেদন করে। ফখরুলের আইনজীবী তাঁর জামিনের আবেদন জানান। মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসেন উভয় আবেদনই নাকচ করে দেন।গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে শেরেবাংলা নগর থানায় করা মামলায় মির্জা ফখরুলের সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। এ মামলায় আইনজীবীরা তাঁর জামিনের আবেদন জানান। আদালত শুনানি শেষে রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে মির্জা ফখরুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে কারাগারে প্রথম শ্রেণীর মর্যাদা (ডিভিশন) দেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছেন।এর আগে আজ বিকেল চারটার দিকে মির্জা ফখরুলকে আদালতে হাজির করা হয়।এদিকে পল্টন থানায় করা পৃথক মামলায় গ্রেপ্তার যুবদলের সদস্য শাকিল ইসলামসহ ৫৭ জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইন এ আদেশ দেন। পল্টন থানা পুলিশ তাদেরকে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল। এদিকে, আদালতপাড়ায় চলছে আওয়ামী লীগপন্থী ও বিএনপিপন্থী আইনজীবীদের পাল্টাপাল্টি মিছিল। পুরান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সামনে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা শেখ হাসিনার সমর্থনে ও হরতালের বিরোধিতা করে স্লোগান দিচ্ছেন। তাঁদের পাশেই খালেদা জিয়ার সমর্থনে স্লোগান দিচ্ছেন বিএনপিপন্থী আইনজীবীরা। আদালতের চারপাশের ফটকে পুলিশ ও র্যাবের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। গত রোববার বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা রাজপথ অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ভাঙচুর, অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় ঢাকায় ৩৮টি মামলা হয়েছে। সব কটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম রয়েছে। ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান এ খবরের সত্যতা নিশ্চিত করেন। পুলিশ জানায়, ঢাকা মহানগরের ২১টি থানায় বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ২৫ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে ৩৮টি মামলা হয়েছে। রোববার অবরোধের পর থেকে গতকাল সোমবার ভোর পর্যন্ত নাশকতার অভিযোগে দ্রুতবিচার আইন, বিস্ফোরক দ্রব্য আইন, হত্যা ও অন্যান্য অপরাধের অভিযোগে ৩৮টি মামলা করা হয়। এসব মামলার বেশির ভাগ আসামিকে অজ্ঞাত দেখানো হয়েছে। মামলাগুলোর মধ্যে রয়েছে: রমনা থানায় তিনটি, কলাবাগান থানায় একটি, বংশাল থানায় দুটি, মতিঝিল থানায় দুটি, পল্টন থানায় দুটি, সবুজবাগ থানায় তিনটি, মুগদা থানায় একটি, শাহজাহানপুর থানায় একটি, ডেমরা থানায় একটি, যাত্রাবাড়ী থানায় চারটি, শ্যামপুর থানায় একটি, সূত্রাপুর থানায় দুটি, কদমতলী থানায় একটি, শেরেবাংলা নগর থানায় একটি, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় তিনটি, মিরপুর থানায় চারটি, দারুসসালাম থানায় দুটি, বনানী থানায় দুটি, উত্তরা পূর্ব ও পশ্চিম থানায় একটি করে দুটি মামলা করা হয়েছে। এসব মামলার মধ্যে দ্রুতবিচার আইনে পাঁচটি, পুলিশের গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলায় ঘটনায় ১৯টি, খুনের ঘটনায় একটি এবং অন্যান্য ধারায় আটটি মামলা দায়ের করা হয়। পল্টন থানায় দায়ের করা বর্জ্যবাহী একটি কনটেইনার ট্রাক ভাঙচুরের মামলায় গতকাল সন্ধ্যায় মির্জা ফখরুলকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি তদন্ত করছে পল্টন থানা পুলিশ। মামলার বাদী হলেন ঢাকা সিটি করপোরেশনের গাড়িচালক মো. আয়নাল।