ফখরুলের নির্দেশেই বাসে আগুন দিয়ে লোক হত্যা হয়েছে
মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস দাবি করেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্দেশ দিয়েছিলেন সারা বাংলাদেশে আগুন লাগিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিতে। তাঁর নির্দেশেই বাসে আগুন দিয়ে লোক হত্যা করা হয়েছে। আর এ কারণেই হুকুমদাতা হিসেবে তাঁকে আসামি করে মামলা করা হয়েছে। আজ শনিবার দুপুরে সিরাজগঞ্জ সরকারি কলেজ চত্বরে নতুন একাডেমিক ভবন ও শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আবদুল লতিফ বিশ্বাস এ কথা বলেন। বাজেট সম্পর্কে মন্ত্রী বলেন, জাতীয় সংসদে এবার জনবান্ধব বাজেট পেশ করা হয়েছে। এই বাজেট বাস্তবায়ন হলে বিরোধী দল মহাজোটের সামনে দাঁড়াতে পারবে না। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের অ্যানথ্রাক্সের সঙ্গে তুলনা করে মন্ত্রী বলেন, ‘যত দিন দেশে যুদ্ধাপরাধী থাকবে তত দিন বিশেষ ট্রাইব্যুনালে তাদের বিচার হবে। প্রয়োজনে প্রতিটি জেলায় ট্রাইব্যুনাল করে বিচারকাজ শেষ করা হবে। এর মাধ্যমে দেশকে পাপমুক্ত করা হবে।’