ফজলুল আজিমের আবারও ওয়াকআউট
লিবিয়া-পরিস্থিতি নিয়ে পয়েন্ট অব অর্ডারে কথা বলতে না দেওয়ার প্রতিবাদে একমাত্র স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম আবারও ওয়াকআউট করেছেন। আজ বৃহস্পতিবার রাত পৌনে আটটায় তিনি সংসদ থেকে ওয়াকআউট করেন। এ সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে ছিলেন।আজ পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে ফজলুল আজিম বলেন, ‘লিবিয়ায় ৬২ হাজার বাংলাদেশি রয়েছে। তাঁদের নিরাপত্তা এখন হুমকির মুখে। কিন্তু সরকারিভাবে তাঁদের আনার উল্লেখযোগ্য কোনো উদ্যোগ নেই।’ বাংলাদেশিদের ফিরিয়ে আনতে অবশ্যই উদ্যোগ নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘এটি সরকারের দায়িত্বও বটে।’এর একপর্যায়ে ডেপুটি স্পিকার শওকত আলী তাঁর মাইক বন্ধ করে দিয়ে বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রী ৩০০ বিধিতে বিবৃতি দিয়েছেন। এ সময় ফজলুল আজিমের বক্তব্য বিধিবহির্ভূত বলে উল্লেখ করেন চিফ হুইপ আব্দুস শহীদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী এ পরিস্থিতি নিয়ে সজাগ রয়েছেন। এ ব্যাপারে তিনজন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন। তাই এ নিয়ে এখন আর পয়েন্ট অব অর্ডারের সুযোগ নেই।এর আগেও গত ২৪ ফেব্রুয়ারি একই ইস্যুতে কথা বলতে না দেওয়ায় ওয়াকআউট করেছিলেন নোয়াখালী-৬ আসনের এই সাংসদ।সংসদের চলতি অধিবেশনের মেয়াদ কমছে: সংসদের চলতি অধিবেশনের মেয়াদ কমছে। আগামী ২৪ মার্চ নবম জাতীয় সংসদের অষ্টম অধিবেশন শেষ হবে বলে জানা গেছে। এর আগে কার্য উপদেষ্টা কমিটির সভায় অধিবেশন আগামী ১০ এপ্রিল পর্যন্ত চালানোর কথা ছিল। আজ আকস্মিকভাবে এ অধিবেশনের মেয়াদ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। ওই সভার সিদ্ধান্ত ছিল এ অধিবেশনে ৪৪টি কার্যদিবস চলবে। সময় কমানোর ফলে এখন কার্যদিবসের সংখ্যা ৩৩ হবে।আর এতে করে বিএনপির নেতৃত্বাধীন বিরোধী দলের সদস্যরা এ অধিবেশনে যোগ না দিলেও তাঁদের সদস্যপদ শূন্য হওয়ার আশঙ্কা কম। কারণ ৩৩ কার্যদিবসের অধিবেশন হলে কোনো সদস্যেরই সংসদে টানা অনুপস্থিতি ৯০ দিন হবে না। সংবিধান অনুসারে, কোনো সদস্য টানা ৯০ কার্যদিবস সংসদে অনুপস্থিত থাকলে তাঁর সদস্যপদ শূন্য হয়।স্পিকার আবদুল হামিদ এ ব্যাপারে রাতে প্রথম আলোকে বলেন, প্রায় দুই মাস ধরে অধিবেশন চলছে। সে কারণেই এ অধিবেশনের মেয়াদ কিছুটা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।