ফজলুল হক আমিনীকে হাইকোর্টে তলব
সংবিধান নিয়ে কটূক্তির ব্যাখ্যা জানাতে ইসলামী ঐক্য জোটের একাংশের চেয়ারম্যান ও ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির মুফতি ফজলুল হক আমিনীকে তলব করেছেন হাইকোর্ট। ২৭ জুলাই সকাল সাড়ে ১০টায় তাঁকে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।১৪ জুলাই লালবাগের জামেয়া আরাবিয়া কোরানিয়া মাদ্রাসায় দলের এক আলোচনা সভায় আমিনী বলেন, সংশোধিত সংবিধানকে ছুড়ে ফেলে দেওয়া নয়, ডাস্টবিনে ফেলতে হবে। এ ঘটনায় সংক্ষুব্ধ হয়ে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবীর প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত আজ ওই নির্দেশনা দেন। শাহরিয়ার কবীরের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন মামলা পরিচালনা করেন। এ ছাড়া ওই ঘটনায় আমিনীর বিরুদ্ধে আইনগত কী পদক্ষেপ নেওয়া যায়, তা পর্যালোচনা করে আদালত দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে কটূক্তি করার পর আমিনীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক ও ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্টদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।আদালত থেকে বেরিয়ে শাহরিয়ার কবীর সাংবাদিকদের বলেন, রায় নিয়ে সমালোচনা করা যায়। কিন্তু সংবিধান নিয়ে কোনো দায়িত্বশীল ব্যক্তি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতে পারেন না। এটা আদালত অবমাননার শামিল।