ফজলুল হক হত্যাকাণ্ড: আরেকজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নূর মোহাম্মদ হোসেন বাবু ওরফে হাজি বাবু নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর নবাবগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। ডিবি পুলিশ জানায়, হাজি বাবুকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি একতলা বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তাঁর ডানহাত ভেঙে যায়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা দিয়ে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মো. মাহাবুবর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাজি বাবুকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হল। হত্যাকাণ্ডে অংশ নেওয়া ছয়জন আদালতে দেওয়া জবানবন্দিতে হাজি বাবুর নাম বলেন। তাঁরা জানান, ফজলুল হককে খুন করার জন্য হাজি বাবুই তাঁদের হাতে রিভলবার তুলে দেয়। প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি পশ্চিম আগারগাঁওয়ের বায়তুল নূর জামে মসজিদের সামনে মাথায় ও পিঠে গুলি করে ফজলুল হককে হত্যা করা হয়।