ফজলুল হক হত্যাকাণ্ডে গ্রেপ্তার তিনজন রিমান্ডে
আওয়ামী লীগের নেতা ফজলুল হক খুনের ঘটনায় গ্রেপ্তারের পর তিনজনকে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। এই তিনজন হলেন, ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূরমোহাম্মদ হাজির জামাতা জাহাঙ্গীর আলম, একই ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক নিয়ামত হোসেন ওরফে রাজু ও তার সহযোগী সালাহউদ্দিন।শেরেবাংলা নগর থানা সূত্র জানায়, ফজলুল হক হত্যাকাণ্ডের দুই দিন পর গতকাল শনিবার রাতে নিহতের স্ত্রী নীলা হক বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। এজাহারে বলা হয়, এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে ফজলুল হককে হত্যা করা হয়েছে। এতে আরও বলা হয়, গত শুক্রবার দুপুর ১২টা ৫০ মিনিটে ফজলুল হক পশ্চিম আগারগাঁওয়ের ৪১ নম্বর ওয়ার্ড কার্যালয় থেকে বেরিয়ে পাশের বাইতুন নূর জামে মসজিদে জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে ছয় সন্ত্রাসী আসে। এদের মধ্যে দুই সন্ত্রাসী ফজলুল হকের মাথায় ও পিঠে রিভলবার ঠেকিয়ে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল করিম প্রথম আলোকে বলেন, হত্যা মামলায় এই তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে মহানগর হাকিম শামীম আরা পারভীন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।