ফজলে রাব্বি হল যেন বহিরাগতদের জন্যই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সবচেয়ে বড় চিকিত্সা শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. ফজলে রাব্বি হলের ছাত্ররা এখন বহিরাগত আতঙ্কে দিন কাটাচ্ছেন। হলের কক্ষ, ক্যানটিন, খেলার মাঠ—সবকিছুই বহিরাগতদের নিয়ন্ত্রণে। ফজলে রাব্বি হলের মূল ভবন এবং তিনটি ব্লকে ছাত্ররা থাকেন। প্রথম বর্ষের ছাত্ররা নিচতলাগুলোতে একটু কষ্ট করে থাকলেও দ্বিতীয় বর্ষে ওঠার পর থেকে তাঁরা ভালোভাবেই থাকতে পারেন। তবে বহিরাগতদের দাপটে ছাত্রদের অবস্থা এখন খুবই করুণ। বর্তমান আওয়ামী লীগের সরকার ক্ষমতায় আসার পর থেকেই ছাত্রদল হলে নেই। আর গত বছরের ৩০ মার্চ ছাত্রলীগের একাংশের সাধারণ সম্পাদক আবুল কালাম আসাদ ওরফে রাজীব মারা যাওয়ার পর থেকে ছাত্রলীগেরও কমিটি নেই। এই সুযোগে লালবাগ থানা ছাত্রলীগের সভাপতি সাগর আহমেদ হলটিতে আধিপত্য বিস্তার করেন। হলের ভবনগুলোর বেশ কয়েকটি কক্ষ দখল করে সাগর সেখানে তাঁর অনুসারী বহিরাগতদের রাখছেন। ঢাকা কলেজ, আশপাশের কয়েকটি মাদ্রাসা ও লালবাগের স্থানীয় লোকজন বর্তমানে হলে থাকছে। হল সূত্র জানায়, আগে সামনের ব্লকের (এইচ ব্লক) সাত ও আট নম্বর কক্ষ এবং মূল ভবনের চার-পাঁচটা কক্ষে সাগরের অনুসারী বহিরাগতরা থাকত। গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার সময় সাগরের ছোট ভাই রাকিবসহ অন্তত আটজন বেশ কয়েক মাস হলের আরও তিন-চারটি কক্ষ দখল করে ছিল। তবে বহিরাগতদের হাতে একজন ছাত্রের আহত হওয়ার ঘটনায় সম্প্রতি পুলিশ হলে তল্লাশি চালায়। এর পর থেকে বহিরাগতরা সবাই মূল ভবনে অবস্থান করছে। মূল ভবনের ২, ৭, ২০৫, ২০৮ নম্বর কক্ষসহ অন্তত ১০টি কক্ষে বহিরাগতরা থাকছে বলে সূত্র জানিয়েছে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, বহিরাগতদের দাপটে ছাত্ররা কোনো কথাই বলতে পারেন না। বহিরাগতদের উত্পাত এতটাই বেশি যে কোনো ছাত্রই নাম প্রকাশ করে কথা বলতেই রাজি হননি। যোগাযোগ করা হলে সাগর আহমেদ এসব অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আমার কোনো কর্মী ফজলে রাব্বি হলে থাকে না। মেডিকেল শাখা ছাত্রলীগের সভাপতি মিজান বহিরাগত ছেলেদের হলে রাখে। তারাই হলে ফাও খায়, উত্পাতও তারাই করে।’ এ বিষয়ে মিজানুর রহমান বলেন, ‘হলে আমি কোনো বহিরাগত রাখি না।’ কলেজের অধ্যক্ষ কাজী দ্বীন মোহাম্মদ হলে বহিরাগতদের থাকার বিষয়টি প্রথম আলোর কাছে স্বীকার করে বলেন, ‘ঢাকা কলেজের কয়েকজন ছাত্র হলে থাকে এমন তথ্য আমার কাছে আছে। শিগগিরই তাদের হল থেকে বের করে দেওয়া হবে।’ ছাত্রলীগের স্বঘোষিত কমিটি: গত বছর ছাত্রলীগের একাংশের সাধারণ সম্পাদক আবুল কালাম আসাদ মারা যাওয়ার পর ঢাকা মেডিকেল শাখা ছাত্রলীগের কমিটি বাতিল করা হয়। কেন্দ্রীয় ছাত্রলীগ এরপর আর কোনো কমিটি না করলেও বছরখানেক আগে মিজানুর রহমান সভাপতি ও জুবায়ের আহমেদ রতন সাধারণ সম্পাদক হিসেবে নিজেরাই একটি কমিটি করেন। কেন্দ্রীয় ছাত্রলীগ এ কমিটির অনুমোদন দেয়নি। সূত্র জানায়, সাগরের সঙ্গে লিয়াজোঁ করে মিজান ও জুবায়ের কলেজ শাখা ছাত্রলীগের কার্যক্রম চালিয়ে নিচ্ছেন। সাগর এ কমিটিকে লোকবল দিয়ে সহায়তা করেন। আর কমিটি সাগরকে হলের বিভিন্ন উন্নয়নমূলক কাজ থেকে পাওয়া কমিশনের একটি অংশ বুঝিয়ে দেয়। কমিটির বিষয়ে মিজানুর রহমান বলেন, ‘আমাদের রাজনীতি ছাত্রলীগের সঙ্গে না, স্বাচিপের (স্বাধীনতা চিকিত্সক পরিষদ) সঙ্গে। স্বাচিপের নেতারা ও আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদিউজ্জামান আমাদের কমিটি অনুমোদন দিয়েছেন। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির অনুমোদনের কোনো প্রয়োজন নেই।’ জানতে চাইলে কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান প্রথম আলোকে বলেন, ‘ঢাকা মেডিকেলে ছাত্রলীগের কোনো কমিটি নেই। স্বাচিপের অনুমোদন দিয়ে ছাত্রলীগ হওয়া যায় না।’নিজেদের মাঠ, তবুও সংঘর্ষ: ছাত্ররা জানান, এক বছর ধরে বহিরাগতরা সারা দিনই মাঠ দখল করে রাখায় তাঁরা এখন খেলতে পারেন না। এ নিয়ে বহিরাগতদের সঙ্গে বেশ কয়েকবার সংঘর্ষও হয়েছে। ৯ জুলাই সাগরের লোকজনকে মাঠ থেকে চলে যেতে বলায় এমবিবিএস শেষ বর্ষের ছাত্র আরিফকে মেরে গুরুতর আহত করে বহিরাগতরা। সাগর আহমেদ দাবি করেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে খেলছিলাম। কিন্তু একটি ছেলে এসে খেলায় বাধা দিলে আমার ছেলেরা খেপে যায়। তবে বেশি কিছু হয়নি।’সূত্র জানায়, স্বঘোষিত ছাত্রলীগের নেতারা খেলার মাঠটি স্থানীয় ছেলেদের কাছে ভাড়া দেন। খেলার বিনিময়ে তাদের কাছ থেকে প্রতি মাসে টাকা নেওয়া হয়। ক্যানটিনেও বহিরাগতরা: হলের ক্যানটিনে ছাত্র এবং অছাত্রদের জন্য আলাদা নির্ধারিত জায়গা রয়েছে। কিন্তু হলে অবস্থানরত বহিরাগতরা নিয়মিতই ছাত্রদের নির্ধারিত আসনে বসে খায়। আর বহিরাগতদের খাওয়া শেষ হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয় ছাত্রদের। শিক্ষার্থীরা অভিযোগ করেন, বহিরাগতরা খেয়ে টাকা না দিয়ে চলে যায়। এমনকি ম্যানেজারকে ক্যানটিন চালাতে দেবে না বলে হুমকিও দিয়েছে বহিরাগতরা। এ বিষয়ে জানতে হলের প্রাধ্যক্ষ জুলফিকার মামুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও গতকাল শনিবার তা সম্ভব হয়নি। মাদকের ফাঁদে ছাত্ররা: হলের একাধিক সূত্র জানায়, হলে অবস্থানরত বহিরাগতরা এখানে একটি ইয়াবা চক্র গড়ে তুলেছে। ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগিয়ে ছাত্রদের ইয়াবা ব্যবহারে উদ্বুদ্ধ করছে। ছাত্রদের একটি অংশ এখন ইয়াবা সেবন করছে। এমবিবিএস শেষ বর্ষের কয়েকজন ছাত্র প্রথম আলোকে জানান, নিয়মিত পরীক্ষা দেওয়া, মৌখিক পরীক্ষার মুখোমুখি হওয়া, টানা ক্লাস করার কারণে মেডিকেলের ছাত্রদের ওপর চাপ বেশি থাকে। এ কারণে তাঁদের মধ্যে বেশি হতাশাও কাজ করে। মেডিকেলের পড়াশোনার এই পদ্ধতিই ছাত্রদের নেশার দিকে ঠেলে দেয়। এ বিষয়ে অধ্যক্ষ কাজী দ্বীন মোহাম্মদ বলেন, ‘হলে ছাত্রদের মাদক ব্যবহারের বিষয়টি আমার জানা নেই। বিষয়টি সত্যি হলে দ্রুত ব্যবস্থা নেব।’