ফজলে হাসান আবেদ নাইট উপাধি পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন ফজলে হাসান আবেদ নাইট উপাধি পেয়েছেন। দারিদ্র্য বিমোচন ও দরিদ্রের ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য তাঁকে এ উপাধি দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের নববর্ষের সম্মাননা তালিকায় এ ঘোষণা করা হয়। ঘোষণায় বলা হয়, ফজলে হাসান আবেদ হবেন নাইট কমান্ডার অব দ্য মোস্ট ডিসটিঙ্গুইসড অর্ডার অব সেন্ট মাইকেল অ্যান্ড সেন্ট জর্জ।১৯৪৭ সালের পর ফজলে হাসান আবেদই প্রথম বাংলাদেশি, যিনি এ উপাধিতে ভূষিত হলেন। বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার বেশ কটি দেশে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকার ও সামাজিক উন্নয়নে এবং দরিদ্র জনগোষ্ঠীকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য চার দশক ধরে নিরলসভাবে কাজ করে যাওয়ায় তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।ফজলে হাসান আবেদ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘এই সম্মান আমি বিনম্রচিত্তে গ্রহণ করছি। এ জন্য আমি ব্র্যাকের আমার সব সহকর্মীকে ধন্যবাদ জানাচ্ছি। তাঁরাই বাংলাদেশ ও বহির্বিশ্বে দারিদ্র্য বিমোচনে অগ্রণী ভূমিকা পালন করছেন। তাঁরা এ সম্মানের সমান অংশীদার।’নাইট উপাধি পাওয়ায় ফজলে হাসান আবেদকে অভিনন্দন জানিয়েছে এনজিও ফেডারেশন। ফেডারেশনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধে তাঁর আত্মত্যাগ ও অবদান এবং স্বাধীনতা লাভের পর থেকে দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করা হয়।আবেদ তাঁর পরিবারের দ্বিতীয় ব্যক্তি, যিনি এ উপাধি পেলেন। ১৯১৩ সালে ব্রিটিশরাজ বিচারপতি নবাব স্যার সৈয়দ সামসুল হুদাকে নাইট উপাধিতে ভূষিত করেন। হুদা ছিলেন ফজলে হাসান আবেদের বাবা মরহুম সিদ্দিক হাসানের মামা।ফজলে হাসান আবেদ ১৯৩৬ সালে হবিগঞ্জের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি পাবনা জিলা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৬২ সালে লন্ডনের চার্টার্ড ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস থেকে তিনি প্রফেশনাল কোর্স সম্পন্ন করেন। ১৯৭০ সালে তিনি শেল ওয়েল কোম্পানিতে কর্মরত ছিলেন। এ সময় দেশের উপকূলীয় এলাকায় প্রলয়ংকরী ঘূর্ণিঝড় আঘাত হানে। আবেদ ও তাঁর বন্ধুরা মিলে ‘হেলপ’ নামের একটি সংগঠন গড়েন, যা ওই সময় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা মনপুরা দ্বীপের মানুষের পুনর্বাসনে কাজ করে।মুক্তিযুদ্ধের সময় ব্রিটেনে অবস্থানকালে আবেদ ‘অ্যাকশন বাংলাদেশ’ নামে একটি সংগঠন গড়ে ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে সমর্থন আদায়ে আত্মনিবেদন করেন। ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশি শরণার্থীরা ভারত থেকে ফিরে আসতে শুরু করলে তিনি তাদের পুনর্বাসনকাজে সহায়তা করেন। এই কার্যক্রমের ধারাবাহিকতায় আবেদ ব্র্যাক গড়ে তোলেন। বেসরকারি সংস্থাটি দেশের ৬৯ হাজারের বেশি গ্রামে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রাথমিক শিক্ষা, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, কৃষিকাজে সহায়তা, মানবাধিকার ও আইনি সহায়তা, ক্ষুদ্রঋণ ও বাণিজ্যিক উদ্যোগ উন্নয়নের মাধ্যমে ১১ কোটি লোককে উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করেছে সংস্থাটি।সামাজিক ক্ষেত্রে অনন্য সাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ফজলে হাসান আবেদ বেশ কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। এর মধ্যে রয়েছে র্যামন ম্যাগসেসাই অ্যাওয়ার্ড ফর কমিউনিটি লিডারশিপ (১৯৮০), ইউনিসেফ মেরিট পেট অ্যাওয়ার্ড (১৯৯২), ওলফ পামে অ্যাওয়ার্ড (২০০১), যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে ডক্টর অব ল (২০০৮) ও যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির ডক্টরেট অব লেটার্স (২০০৯)। বিজ্ঞপ্তি।