ফজিলাতুন্নেসা মুজিবের নামে পদ্মা সেতুর নামকরণের সুপারিশ
বঙ্গবন্ধুর সহধর্মিনী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের নামে পদ্মা সেতুর নামকরণের সুপারিশ করেছে যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে এই সেতুতে রেলওয়ে সংযোজনের ব্যবস্থা রাখারও সুপারিশ করেছে তারা।আজ বৃহস্পতিবার সংসদ সচিবালয়ে কমিটির সভায় এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কমিটির সদস্য জিল্লুল হাকিম, নজরুল ইসলাম, এইচ এম গোলাম রেজা, ওমর ফারুক চৌধুরী, একরামুল করিম চৌধুরী, গোলাম মাওলা ও অপু উকিল। এ সময় সড়ক ও রেলপথ বিভাগের সচিব মোজাম্মেল হক খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় বাংলাদেশ রেলওয়ের অবৈধ সম্পত্তি উদ্ধারের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন কমিটির সদস্যরা। এ ছাড়া মহাসড়ক থেকে নছিমন ও করিমন-জাতীয় যানবাহন চলাচল বন্ধের সুপারিশ করা হয়। মহাসড়কের অপ্রয়োজনীয় গতিরোধক (স্পিড ব্রেকার) সরানোর সুপারিশও করা হয়েছে।