ফটকবন্দী কায়েতটুলি খেলার মাঠ
‘আমাদের কোনো খেলার মাঠ নেই। আমরা কোথায় খেলব? আমরা তো বড়দের মতো ইউনিভার্সিটির মাঠেও যেতে পারি না। মাঠের গেটটা খুলে দিন।’ কায়েতটুলি পানির পাম্পের একজন নিরাপত্তারক্ষীর কাছে এই অনুরোধ করছিল পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী দীপ্ত। তার হাতে ছিল ব্যাট। ব্যাট-বল হাতে নিয়ে আরও কয়েকজন শিশু ছিল তার সঙ্গে। কিন্তু তারাও মাঠটিতে ঢুকে খেলার সুযোগ পায়নি।কায়েতটুলি এলাকার একমাত্র খেলার মাঠটি রয়েছে বি কে গাঙ্গুলী লেনে (প্লট-৮)। এখানে বহুতল ভবন করার পরিকল্পনা হাতে নিয়েছে ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা)। ফলে ঢাকা ওয়াসার গভীর নলকূপসংলগ্ন সেই মাঠের ফটক এখন বন্ধ থাকছে। বিকেলে খেলতে এসে এলাকার শিশুরা বিফল মনোরথে ফিরে যাচ্ছে। খেলার মাঠটি রক্ষার জন্য স্থানীয় সচেতন বাসিন্দারা আন্দোলনে নেমেছে। তবুও ঢাকা ওয়াসা ভবন নির্মাণের পরিকল্পনা থেকে সরে আসছে না।কায়েতটুলি মাঠে গিয়ে দেখা গেছে, এর ফটক বন্ধ করে রাখা হয়েছে। বিকেলে শিশুরা ফটক খোলার জন্য ধাক্কাধাক্কি করছিল। এ বিষয়ে পাম্পে দায়িত্বরত ঢাকা ওয়াসার নিরাপত্তা ও গোয়েন্দা শাখার নিরাপত্তারক্ষী মনোয়ার হোসেন বলেন, ‘মাঠ সম্পর্কে আমরা কিছু জানি না। স্টাফ ছাড়া কাউকে ঢুকতে দিতে নিষেধ করা হয়েছে। আমি সেভাবেই দায়িত্ব পালন করছি। জীবনের ঝুঁকি নিয়ে আমাকে কাজ করতে হচ্ছে।’অনুসন্ধানে জানা যায়, গভীর নলকূপ ও মাঠের জায়গাটি মূলত অর্পিত সম্পত্তি, যা এখন ঢাকা ওয়াসার অধীনে আছে। গভীর নলকূপ ছাড়া বাকি জায়গায় ঢাকা ওয়াসা এখন কলোনি তৈরি করতে চাইছে। কিন্তু এলাকাবাসী তা করতে দিতে চাইছে না। এর কারণ জানতে চাইলে স্থানীয় বাসিন্দা এনামুল হক বলেন, ‘পুরান ঢাকায় খালি জায়গার অভাব। খেলার মাঠ ও শিশুপার্ক নেই বললেই চলে। কায়েতটুলির মাঠে ছোটবেলায় আমরা খেলাধুলা করতাম। এখনকার শিশুরাও এখানে খেলত। ঢাকা ওয়াসা যদি ভবন করে, তবে এলাকায় আর খেলার জায়গা থাকবে না।’ তিনি আরও জানান, কায়েতটুলি, আগামসি লেন, নিমতলী, আবদুল হাদী লেন ও নবাব কাটারা—এই পাঁচ এলাকার পানি সরবরাহ করা হয় এখানকার পানির পাম্প থেকে। এখানে যদি কলোনি করা হয় তবে পাম্প নষ্ট হলে নতুন করে মাটি খননের আর কোনো জায়গা থাকবে না। এর আগে তিন-চারবার পানির স্তর নিচে নেমে গেলে নতুন করে গভীর নল বসানো হয়েছে কিছুদিনের মধ্যেই। কলোনি হলে আর এই সুযোগ থাকবে না। তখন এলাকাবাসী বিপদের মুখে পড়বে।এদিকে মাঠ ও পানির পাম্প রক্ষায় কমিটি করেছে কায়েতটুলির বাসিন্দারা। কায়েতটুলি মাঠ ও পানির পাম্প রক্ষা কমিটি এবং পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) খেলার মাঠটি রক্ষায় ১৪ মে গণজমায়েত ও মানববন্ধন করে। তারা মাঠটি রক্ষার জন্য স্থানীয় এক হাজার বাসিন্দার স্বাক্ষর সংগ্রহ করেছে।কায়েতটুলি মাঠ ও পানির পাম্প রক্ষা কমিটির আহ্বায়ক ফারুক হোসেন জানান, মাঠটি সরকারের খাস জায়গায় পড়েছে। সরকারই ঢাকা ওয়াসাকে জায়গাটি বরাদ্দ দিয়েছে। এখন সরকার ইচ্ছা করলে ঢাকা ওয়াসার গভীর নলকূপের জন্য পরিমাণমতো জায়গা রেখে বাকি জায়গায় মাঠ ও শিশুপার্ক তৈরি করতে পারে। এটা সরকার ঢাকা সিটি করপোরেশনের মাধ্যমে বাস্তবায়ন করতে পারে। এলাকাবাসী শুধু কায়েতটুলি মাঠটি রক্ষা করার দাবি করছে।এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করলেন পবার সভাপতি আবু নাসের খান। তিনি বলেন, খালি জায়গার অভাবে পুরান ঢাকার পরিবেশ ঘিঞ্জি হয়ে পড়েছে। যেটুকু খালি জায়গা আছে সেটুকু রক্ষা করা দরকার।এ বিষয়ে ঢাকা ওয়াসার মড্স জোন-২-এর এমদাদুল হক জানান, জায়গাটির মালিক ওয়াসা। তাই ওয়াসার কাজে এটি ব্যবহূত হবে।