বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আবারও অস্থিরতা শুরু হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। গত মঙ্গলবার ছাত্রলীগের বুয়েট শাখার নেতা আরিফ রায়হানকে হলে ঢুকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। আরিফকে মারধরের পর থেকেই বুয়েট ক্যাম্পাসে কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসে প্রবেশ করতে না পারায় গতকাল কোনো ক্লাস অনুষ্ঠিত হয়নি।এ ঘটনায় শিক্ষার্থীদের দাবির মুখে গতকালই নিরাপত্তা কর্মকর্তাকে প্রত্যাহার করেছে বুয়েট কর্তৃপক্ষ। এ ছাড়া ছাত্রকল্যাণ পরিচালক দেলোয়ার হোসাইন উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০১১ সালে এক ছাত্রকে মারধরের ঘটনায় ছাত্রলীগের তিন কর্মীকে বহিষ্কারের দাবিতে বুয়েটের শিক্ষার্থীরা আন্দোলন করেন। এরপর গত বছরের শেষের দিকে উপাচার্য ও সহ-উপাচার্যের অপসারণের দাবিতে সর্বাত্মক আন্দোলনে নামেন শিক্ষক-শিক্ষার্থীরা। বুয়েট শিক্ষক সমিতির সভাপতি জয়নুল আবেদিন গতকাল প্রথম আলোকে বলেন, অদক্ষ প্রশাসন এবং অসুস্থ ছাত্ররাজনীতির কারণেই সাম্প্রতিক সময়ে বুয়েটকে বারবার এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। তিনি বলেন, ইকসু নির্বাচন (ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সেন্ট্রাল ইউনিয়ন) করে ছাত্র প্রতিনিধি নির্বাচন করা এবং ছাত্রদের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতা বন্ধ করা জরুরি হয়ে পড়েছে।এদিকে বুয়েট শিক্ষক-কর্মকর্তাদের একাংশের ছত্রচ্ছায়ায় বুয়েট ক্যাম্পাসে প্রতিক্রিয়াশীল ছাত্রসংগঠনকে মদদ দেওয়ার অভিযোগ রয়েছে। যার ফলে গত মঙ্গলবার নজরুল ইসলাম হলে আরিফের ওপর হামলার ঘটনা ঘটে।এ বিষয়ে ছাত্রলীগের বুয়েট শাখার আহ্বায়ক আমিনুল হক প্রথম আলোকে বলেন, ক্যাম্পাসে বিশৃঙ্খলা প্রতিহত করতে বিভিন্ন সময়ে প্রতিক্রিয়াশীল সংগঠনের কর্মীদের পুলিশে সোপর্দ করা হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় বারবারই তারা বেরিয়ে এসেছেন। এ কারণে প্রশাসনের একাংশের সহযোগিতায়ই তারা যে সক্রিয় রয়েছে, সেটি স্পষ্ট।আরিফ আহত হওয়ার পর ছাত্রলীগের বুয়েট শাখার নেতা-কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলন শুরু করেন। ওই দিনই বুয়েট ক্যাম্পাসে প্রবেশের রাস্তা, পলাশী ও বকশীবাজার মোড়ে তাঁরা ব্যারিকেড দেন। জামায়াত-শিবিরকে সহযোগিতা ও দায়িত্বে অবহেলার অভিযোগ এনে নিরাপত্তা কর্মকর্তার কার্যালয়ে আগুন দেওয়া হয়। তালা দেওয়া হয় ছাত্রকল্যাণ পরিচালকের কার্যালয়ে।এদিকে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সহ-উপাচার্যকে অপসারণ করা হলেও বুয়েট প্রশাসনে অস্থিরতা কমেনি। একমাত্র সিন্ডিকেট সভা ছাড়া অন্য কোনো সভায় উপাচার্য উপস্থিত হতে পারেন না। বুয়েটের কোনো অনুষ্ঠানেও তাঁকে ডাকা হয় না। উপাচার্য পদে থাকলেও শিক্ষকেরা তাঁকে অনেকটা একঘরে করে রেখেছেন।এ বিষয়ে জয়নুল আবেদিন বলেন, শিক্ষকেরা এখনো তাঁর ওপর আস্থা রাখতে পারছেন না বলেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত এক সপ্তাহ শিক্ষার্থীদের ‘মিডটার্ম’ পরীক্ষার প্রস্তুতির ছুটি থাকার পর গতকাল থেকে আবার ক্লাস শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সকাল সাড়ে সাতটায় ছাত্রলীগের নেতা-কর্মীরা বুয়েটের প্রধান ফটকসহ প্রবেশপথগুলোর ফটকে তালা লাগিয়ে দেন। উপাচার্যকে নয় দফা দাবিসংবলিত স্মারকলিপি দেন তাঁরা।বিকেলে উপাচার্যের পক্ষে রেজিস্ট্রার এ কে এম মাসুদ সংবাদ সম্মেলন করে কর্তৃপক্ষের অবস্থান তুলে ধরেন। নিজ কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে নিরাপত্তা কর্মকর্তাকে প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। সম্মেলনে বলা হয়, আরিফ রায়হানের চিকিৎসার ব্যয়ভার বুয়েট প্রশাসন, বুয়েট অ্যালামনাই ও শিক্ষক-শিক্ষার্থীরা বহন করবেন। তিনি আরও দাবি করেন, হামলার ঘটনায় পরিবারের পক্ষে চকবাজার থানায় মামলা হয়েছে। আরিফের চিকিৎসায় বুয়েট প্রশাসন আড়াই লাখ টাকা ব্যয় করেছে বলেও জানান তিনি।উল্লেখ্য, আরিফ সংজ্ঞাহীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক দেলোয়ার হুসাইন প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীদের একাংশের আমার ওপর আস্থা না থাকলে তো কাজ করতে পারব না। তাই দুপুরে উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি।’