ফটিকছড়িতে তাণ্ডবের ঘটনায় মামলা, আসামি পাঁচ হাজার
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার তাণ্ডবের ঘটনায় আজ শুক্রবার অজ্ঞাতনামা চার-পাঁচ হাজার মানুষকে আসামি করে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় জামায়াতের নেতাসহ ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।ভুজপুর থানার উপপরিদর্শক (এসআই) নুরুন্নবী চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন। এ ঘটনায় ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামশুদ্দিন ভূইয়া বলেন, এ পর্যন্ত জামায়াতের নেতা স্থানীয় চেয়ারম্যান শফিউল আলম নূরীসহ ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।এদিকে আজও রাত সাড়ে আটটার দিকে ভুজপুর এলাকায় জারি হওয়া ১৪৪ ধারা তুলে নিয়েছে উপজেলা প্রশাসন। এদিকে, গতকালের সহিংস ঘটনায় নিহত তিনজনের জানাজা আজ বিকেল সাড়ে পাঁচটায় ফটিকছড়ি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।ভুজপুর বাজারের ব্যবসায়ী মো. ইলিয়াছ বলেন, গতকালের ঘটনার পর গ্রেপ্তার আতঙ্কে বাজারে লোকজনের উপস্থিতি খুবই কম ছিল। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সদরের ভুজপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলে দুর্বৃত্তদের হামলায় তিনজন নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত ১৫০ জন। হামলাকারীরা মিছিলের বহরে থাকা শতাধিক মোটরসাইকেল ও গাড়ি পুড়িয়ে দেয়। এ ঘটনার পরই বিকেলে প্রশাসন ভুজপুর এলাকায় ১৪৪ ধারা জারি করে। হামলাকারীরা জামায়াত-শিবিরের লোক বলে অভিযোগ করেছে স্থানীয় আওয়ামী লীগ। হামলায় আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।