ফটিকছড়িতে যেভাবে তাণ্ডবের শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালবিরোধী একটি মিছিল হাঁটি হাঁটি করে এগিয়ে চলেছে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সদর থেকে নয় কিলোমিটার উত্তরের এলাকা ভুজপুর থেকে আবারও উপজেলার দিকে ফিরছে মিছিলটি। হঠাত্ স্থানীয় মসজিদের মাইকে কেউ একজন ঘোষণা দিলেন, ‘মসজিদে হামলা হচ্ছে, আগুন দিচ্ছে সন্ত্রাসীরা।’ ঘোষণায় আরও বলা হয়, ‘মাদ্রাসার হুজুরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে।’এরপর হাজার হাজার লোক মিছিলকারীদের ঘেরাও করে হামলা চালায়। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় ওই এলাকা। কিছুক্ষণ পরই রাস্তার পাশে আহত ও সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকলেন অনেকেই। এই রণক্ষেত্রের মাঝে তাঁদের উদ্ধার করার যেন কেউই ছিল না সে সময়। এই হামলা ছড়িয়ে পড়ল আরও দূরে কাজিরহাট এলাকা পর্যন্ত। সেখানে সড়কের ওপরই শত শত গাড়ি ও মোটরসাইকেল হামলাকারীদের আগুনে পুড়ে চিঁড়েচ্যাপটা হয়ে গেছে। শুধু গাড়ি আর গাড়ি, সব পুড়ে ছাই। আর এর আশপাশেই ছড়িয়ে ছিটিয়ে আছেন অসংখ্য আহত মানুষ। ফটিকছড়ি উপজেলার ভুজপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার ঘটে যাওয়া তাণ্ডবের এভাবেই বর্ণনা করছিলেন প্রত্যক্ষদর্শীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আওয়ামী লীগ ফটিকছড়িতে হরতালবিরোধী মিছিল বের করে। মিছিলের নেতৃত্ব দেন গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী এ টি এম পেয়ারুল ইসলাম। দুই শতাধিক মোটর সাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস ও চাঁদের গাড়িতে করে পাঁচ শতাধিক নেতা-কর্মী ওই মিছিলে অংশ নেন। মিছিলটি কাজিরহাট বাজার অতিক্রম করার সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হাজারো মানুষ হামলা চালায়। এতে তিনজন নিহত ও প্রায় ১৫০ জন আহত হন। পরে গতকাল বিকেল থেকে ভুজপুর এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।ঘটনাস্থলে উপস্থিত থাকা নানুপুরের কিপাইত নগরের আবুল কাসেম বলেন, ‘জামায়াত-শিবির ও হেফাজতের কর্মীরা এ হামলা করেছে। আমাদের মিছিলটি কাজিরহাট বাজারের কাছে পৌঁছালে তারা আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের সবার হাতে ছিল লাঠি, দা ও কিরিচ।’ ওই হামলায় আহত ফটিকছড়ির ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুল হক জানান, হামলাকারীরা তাঁকে চারদিক থেকে ঘিরে ফেলে। তাদের সবার হাতে ছিল লাঠি, কিরিচ ও রামদা। এ সময় তারা মাহমুদুলের মাথায় আঘাত করে। এতে তাঁর মাথা ফেটে যায়।গতকালের এই তাণ্ডবের ঘটনায় আজ শুক্রবার অজ্ঞাতনামা চার-পাঁচ হাজার মানুষকে আসামি করে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় জামায়াতের নেতাসহ ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুজপুর থানার উপপরিদর্শক (এসআই) নুরুন্নবী চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন। এদিকে আজ রাত সাড়ে আটটার দিকে ভুজপুর এলাকায় ১৪৪ ধারা তুলে নিয়েছে উপজেলা প্রশাসন।