ফটিকছড়িতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ৩, আহত শতাধিক
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে তিনজন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে। সংঘর্ষ চলকালে শতাধিক গাড়ি পোড়ানো হয়। আওয়ামী লীগের কর্মীরা এ ঘটনার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করেছেন।সংঘর্ষের পর বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ ফটিকছড়িতে ১৪৪ ধারা জারি করেছেন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ফটিকছড়িতে ১৪৪ ধারা বজায় থাকবে। ঘটনাস্থলে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা মোতায়েন রয়েছেন। সংঘর্ষে নিহত এক ব্যক্তির মৃতদেহ ভুজপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে উদ্ধার করা হয়েছে। চট্টগ্রামের পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার প্রথম আলো ডটকমকে জানান, ‘আমরা দুজনের লাশ পেয়েছি। সংঘর্ষে ৬০ জন আহত হয়েছেন। তাঁদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, শতাধিক মোটরসাইকেল, একটি ফায়ার সার্ভিসের গাড়ি, তিনটি পিকআপ ও চারটি পাজেরো গাড়ি পোড়ানো হয়েছে।’আওয়ামী লীগের নেতা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী স্থানীয় আওয়ামী লীগ সকালে ফটিকছড়িতে হরতালবিরোধী মিছিল বের করে। মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী এ টি এম পেয়ারুল ইসলাম। দুই শতাধিক মোটরসাইকেল এবং প্রাইভেট কার, মাইক্রোবাস ও চাঁদের গাড়িতে চড়ে পাঁচ শতাধিক নেতা-কর্মী এই মিছিলে অংশ নেন। মিছিলটি দুপুরে ভুজপুর ইউনিয়নের কাজিরহাট বাজারে গিয়ে উপস্থিত হয়। জোহরের নামাজের সময় পেয়ারুলের নেতৃত্বে মিছিলটি ভুজপুর এলাকা অতিক্রম করছিল। পাশে কাজিরহাট জামে মসজিদের নামাজ শেষ হওয়ার পর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী কাজিরহাট জামে মসজিদের মুসল্লি ও স্থানীয় দোকানি আবদুস সাত্তার প্রথম আলো ডটকমকে জানান, জোহরের নামাজ শেষ হওয়ার পরই একজন মুসল্লি ‘মসজিদে হামলা হচ্ছে, আগুন দিচ্ছে সন্ত্রাসীরা’ বলে মাইকে ঘোষণা দেন। ঘোষণায় আরও বলা হয়, ‘আমাদের পাশের মাদ্রাসার হুজুরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে।’ এরপর গ্রামবাসী মিছিলকারীদের ঘেরাও করে হামলা চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায়।ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলাইমান প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমাদের এ কর্মসূচি সম্পর্কে আগে থেকেই সবাই জানত। বিএনপি-জামায়াত হেফাজতে ইসলামকে সঙ্গে নিয়ে আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।’ কাজিরহাট এমদাদুল উলুম মাদ্রাসার মোহতামিম জুনায়েদ বিন জালাল প্রথম আলো ডটকমকে বলেন, ‘সকালে পেয়ারুল ইসলাম ফোন করে মিছিলের ব্যাপারে আমাদের সহযোগিতা চান। জোহরের নামাজের পরে দেখি চারদিক থেকে লোক এসে তাঁদের ওপর হামলা করছে। আমরা মাইকে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছিলাম। কিন্তু কাজ হয়নি।’ আহতদের বক্তব্যফটিকছড়ির নানুপুরের কিপাইনগরের আবুল কাসেমের মাথা ও হাতে ব্যান্ডেজ। তিনি বলেন, তিন দিন আগে ভুজপুর এলাকায় আওয়ামী লীগের একটি সমাবেশে জামায়াত-শিবির হামলা করে। এর প্রতিবাদেই আজ জোহরের নামাজের পর হরতালবিরোধী ওই মিছিল বের করা হয়। প্রায় এক হাজার কর্মী-সমর্থক ২০০টি মোটর সাইকেল ও পিক-আপ ভ্যান নিয়ে মিছিলে অংশ নেয়। এ সময় মিছিলটি কাজিরহাট বাজারের কাছে এলে জামায়াত-শিবিরের সমর্থক এবং কওমি মাদ্রাসার ছেলেরা তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের সবার হাতে ছিল লাঠি, দা ও কিরিচ। হাতে আঘাত পেয়েছেন ফটিকছড়ির বক্তপুর ইউনিয়ন পরিষদের সদস্য আকতার হোসেন। তিনি জানান, হামলাকারীরা তাঁকে চারদিক থেকে ঘিরে ধরে। তাদের সবার হাতে ছিল লাঠি, কিরিচ ও রামদা। এ সময়ে তারা তাঁর মাথায় আঘাত করার চেষ্টা করলে তিনি হাত দিয়ে তা প্রতিহত করেন। ফলে তাঁর হাতে লাঠির আঘাত লাগে। চট্টগ্রাম মেডিকেলে ১০ জন ভর্তিফটিকছড়ির ঘটনায় আহত অন্তত ১০ জন চট্টগ্রাম মেডিকেল কলেজে জরুরি বিভাগে ভর্তি হয়েছেন। তাঁরা হলেন, জানে আলম মেম্বার (৩৫), বদিউর রহমান (৪৫), বাবর (২২), আবুল কাশেম (৩৫), মো. মনসুর উদ্দিন, মো. আকতার হোসেন (৩০), মো. হান্নান (২১), জাফর আহমেদ চৌধুরী (৩৫), সারোয়ার (৩৫) ও শাহাবুদ্দিন (৩২)।