ফটিকছড়িতে হামলার প্রতিবাদে রাজধানীতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে আওয়ামী লীগের তিন কর্মীকে হত্যা এবং তাদের শান্তিপূর্ণ মিছিলে জামায়াত-শিবিরের সম্মিলিত হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ শেষে মিছিল বের করে ছাত্রলীগ।বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, ‘আওয়ামী লীগ-ছাত্রলীগের শান্তিপূর্ণ মিছিলে ন্যক্কারজনকভাবে যে হামলা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ তিনি বলেন, ‘আমাদের নেতা-কর্মীদের ওপর যারা পরিকল্পিত হামলা করেছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করতে হবে।’ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রলীগসহ আহত অন্য নেতা-কর্মীদের চিকিত্সার ব্যয় সরকারকেই বহন করার দাবি করেন বদিউজ্জমান।মিছিলটি বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে শুরু হয়ে জিরো পয়েন্ট-পল্টন মোড়-দৈনিক বাংলা-মতিঝিলের শাপলা চত্বর হয়ে আবারও বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ফিরে যায়।মিছিলে নেতৃত্ব দেন ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল হক, ছাত্রলীগের সাবেক নেতা জয়দেব নন্দী প্রমুখ। মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা মহানগর উত্তর এবং ঢাকা মহানগর দক্ষিণ থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।