ফটিকছড়িতে ৫০ দোকান ও ২০ বাড়ি ভাঙচুর
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর বাজারে আজ সোমবার সকালে হেফাজতে ইসলামের কর্মীরা ৫০টির বেশি দোকান ও ২০টি বাড়ি ভাঙচুর করেছেন। এ সময় দোকানমালিকদের সঙ্গে সংঘর্ষে উভয় পক্ষের সাতজন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ১০টার দিকে হেফাজতের কর্মীরা হরতালের সমর্থনে নানুপুর বাজার এলাকায় মিছিল বের করেন। এ সময় খোলা দোকানগুলো বন্ধ করতে বলেন তাঁরা। এ নিয়ে দোকানমালিকদের সঙ্গে তাঁদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় হেফাজতের কর্মীরা অর্ধশতাধিক দোকান, ২০টি বাড়ি ও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এর মধ্যে সংখ্যালঘুদের অন্তত ১০টি বাড়ি রয়েছে।পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। হেফাজতের কর্মীরা বাজারে অবস্থান নিয়ে সমাবেশ করছেন। তাঁদের হাতে লাঠি ও লোহার রড রয়েছে। সেখানকার পরিস্থিতি থমথমে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের সাতজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে একজন দোকানমালিকের অবস্থা গুরুতর।এদিকে, উপজেলার হাজারিবাজার এলাকায় আজ সকাল সাড়ে ১০টার দিকে হেফাজতের নেতা-কর্মীরা মিছিল বের করেন।এ সময় সেখানে জাফতনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। হেফাজতের কর্মীরা একজন পুলিশ সদস্যের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পুলিশের অন্য সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে হেফাজতের কর্মীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালান। পরে অতিরিক্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।