ফটিকছড়ির ঘটনায় গ্রেপ্তার আরও ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার কাজিরহাটে গত বৃহস্পতিবার আওয়ামী লীগের মিছিলে তাণ্ডবের ঘটনায় গতকাল শুক্রবার রাতে আরও আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট ৪২ জনকে গ্রেপ্তার করা হলো।এ ছাড়া বৃহস্পতিবারের ঘটনায় মাইকে উসকানিদাতা জামায়াতের নেতার বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। তবে পুলিশ সেখানে পৌঁছানোর আগেই তিনি পালিয়ে যান।মাইকে উসকানিদাতা ওই ব্যক্তি ভুজপুর ইউনিয়ন জামায়াতের সদস্য বলে জানিয়েছে প্রশাসন। কৌশলগত কারণে প্রশাসন তাঁর নাম প্রকাশ করছে না।ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জনা খান মজলিশ প্রথম আলো ডটকমকে বলেন, ভুজপুরের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। বৃহস্পতিবারের নৃশংস ঘটনায় জড়িত ব্যক্তিদের মধ্যে পুলিশ ৪২ জনকে গ্রেপ্তার করেছে। মাইকে উসকানিদাতা জামায়াত নেতার বাড়িতেও পুলিশ অভিযান চালিয়েছে। তবে ওই নেতা আগেই বাড়ি থেকে সটকে পড়েন। প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে কাজিরহাট মসজিদে কথিত হামলা ও আগুন দিতে সন্ত্রাসীরা ছুটে আসছে বলে মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় গ্রামবাসীকে উত্তেজিত করা হয়। এর জের ধরে চারদিক থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঘেরাও করে সশস্ত্র হামলা চালানো হয়। এতে তিনজন নিহত ও শতাধিক মানুষ আহত হন। পুড়িয়ে দেওয়া হয় শতাধিক গাড়ি।