ফটিকছড়িতে জেএসএসের দুই সদস্য খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) দুই সমর্থককে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কাঞ্চননগরের মানিকপুর বাজারের কাছে ঢেবারমুখ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, কৃপাচুক চাকমা ওরফে সৈকত চাকমা (২৬) ও দেবব্রত চাকমা (৩৫)। তাঁদের বাড়ি খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি থানায়।পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এ হত্যাকাণ্ডের জন্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছে। তবে ইউপিডিএফ এ অভিযোগ অস্বীকার করে।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ইউপিডিএফের আট-দশজন সশস্ত্র সদস্য উপজেলার কাঞ্চননগরের মানিকপুর বাজারে এসে স্থানীয় ব্যবসায়ীদের নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য করেন। এরপর তাঁরা সেখানে থাকা জেএসএসের দুই সমর্থক সৈকত ও দেবব্রতকে ধরে কিছু দূরে নিয়ে যায়। ওই এলাকায় একটি মুদিদোকানের পাশে দেবব্রতকে ও ঢেবারমুখ এলাকায় সৈকতকে গুলি করে হত্যা করা হয়। এ সময় এলাকার লোকজন ২০-২৫টি গুলির শব্দ শোনেন বলে জানান।এলাকাবাসী কাছের পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি জোনের বানিয়াছড়ি সেনা ক্যাম্পে বিষয়টি জানালে ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো. জহিরুল ইসলাম কয়েকজন সেনাসদস্য নিয়ে ঘটনাস্থলে যান। বেলা সাড়ে তিনটায় দুটি লাশ ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। এলাকাবাসীর বরাত দিয়ে জহিরুল ইসলাম জানান, ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা ওই দুজনকে গুলি করে হত্যা করেছেন।জনসংহতি সমিতি (জেএসএস) লক্ষ্মীছড়ি জোন শাখার ভারপ্রাপ্ত সভাপতি জ্যোতিষ দেওয়ান দাবি করেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) জড়িত। এ হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত। তিনি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করেন।ইউপিডিএফ লক্ষ্মীছড়ি জোনের লেলাং এলাকার হেডম্যান চুইচালা মারমা বলেন, উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপাতে জেএসএস এ হত্যাকাণ্ডকে তাদের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সবুর জানান, বিকেলে লাশগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহত ব্যক্তিদের শরীরে ১২টি গুলির চিহ্ন রয়েছে।