চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সদরের ভুজপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলে দুর্বৃত্তদের হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫০ জন। হামলাকারীরা মিছিলের বহরে থাকা শতাধিক মোটরসাইকেল ও গাড়ি পুড়িয়ে দিয়েছে। এ ঘটনার পরই বিকেলে প্রশাসন ভুজপুর এলাকায় ১৪৪ ধারা জারি করে। হামলাকারীরা জামায়াত-শিবিরের লোক বলে অভিযোগ করেছে স্থানীয় আওয়ামী লীগ।হামলায় আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের নেতারা জানান, গতকাল দুপুরের দিকে হরতালবিরোধী একটি মিছিল ভুজপুর এলাকা প্রদক্ষিণ করে ফটিকছড়ির দিকে ফেরার সময় এই তাণ্ডব চালানো হয়। সংঘর্ষের তিন ঘণ্টা পরও হতাহত ব্যক্তিদের কেউ উদ্ধার করেনি। পুলিশও যেতে পারেনি সেখানে। ফলে আহত ব্যক্তিরা ওইভাবে পড়ে ছিল। পুলিশ বলছে, হামলায় ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়েছে। তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ধারণা করা হচ্ছে, নিহত তিনজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। হামলায় আহত ব্যক্তিদের মধ্যে ভক্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুল আজম এবং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুল হকও রয়েছেন। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার প্রথম আলোকে বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করি এবং হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়েছে। আহত ১৫০ জনকে হাসপাতালে পাঠিয়েছি।’আওয়ামী লীগের নেতা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী স্থানীয় আওয়ামী লীগ গতকাল সকালে ভুজপুর এলাকায় হরতালবিরোধী একটি মিছিল বের করে। মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন গত সংসদ নির্বাচনে ফটিকছড়ি থেকে প্রতিদ্বন্দ্বিতা করা আওয়ামী লীগের প্রার্থী এ টি এম পেয়ারুল ইসলাম। দুই শতাধিক মোটরসাইকেল এবং প্রাইভেট কার, মাইক্রোবাস ও চান্দের গাড়িতে চড়ে পাঁচ শতাধিক নেতা-কর্মী এই মিছিলে অংশ নেন। মিছিলটি দুপুরে ভুজপুর ইউনিয়নের কাজিরহাট বাজারে গিয়ে উপস্থিত হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল জোহরের নামাজের সময় পেয়ারুলের নেতৃত্বে মিছিলটি ভুজপুর এলাকা অতিক্রম করছিল। পাশে কাজিরহাট জামে মসজিদে নামাজ শেষ হওয়ার পর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। হামলার শিকার আওয়ামী লীগের কর্মীরা এ ঘটনার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করেছেন।প্রত্যক্ষদর্শী কাজিরহাট জামে মসজিদের মুসল্লি ও স্থানীয় দোকানি আবদুস সাত্তার প্রথম আলোকে জানান, মসজিদে জোহরের নামাজ শেষ হওয়ার পরই একজন মুসল্লি মসজিদে হামলা হচ্ছে, আগুন দিচ্ছে সন্ত্রাসীরা—এই বলে মাইকে ঘোষণা দেন। ঘোষণায় আরও বলা হয়, ‘আমাদের পাশের মাদ্রাসার হুজুরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে।’ এরপর গ্রামবাসী মিছিলকারীদের ঘেরাও করে হামলা চালায়।ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলাইমান বলেন, ‘আমাদের এ কর্মসূচি সম্পর্কে আগে থেকেই সবাই জানত। বিএনপি-জামায়াত হেফাজতে ইসলামকে সঙ্গে নিয়ে আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।’স্থানীয় কাজিরহাট এমদাদুল উলুম মাদ্রাসার মোহতামিম জুনায়েদ বিন জালাল প্রথম আলোকে বলেন, ‘সকালে এ টি এম পেয়ারুল ইসলাম আমাকে ফোন করে মিছিলের ব্যাপারে বলেন এবং আমার সহযোগিতা চান। দুপুরে আমি মাদ্রাসার দুটি ফটকই বন্ধ করে দিই। কিন্তু জোহরের নামাজের পরে দেখি, চারদিক থেকে লোক এসে তাদের ওপর হামলা করছে। আমরা মাইকে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছিলাম। কিন্তু কাজ হয়নি।’ আহত ব্যক্তিদের বক্তব্য: ফটিকছড়ির নানুপুরের কিপাইনগরের আবুল কাসেমের মাথা ও হাতে ব্যান্ডেজ করা। তিনি বলেন, তিন দিন আগে ভুজপুর এলাকায় আওয়ামী লীগের একটি সমাবেশে জামায়াত-শিবির হামলা করে। এর প্রতিবাদে বৃহস্পতিবার জোহরের নামাজের পর আওয়ামী লীগ এ মিছিল করে। প্রায় এক হাজার কর্মী-সমর্থক ২০০টি মোটরসাইকেল, পিকআপ ভ্যান নিয়ে মিছিলে অংশ নেন। এ সময়ে মিছিলটি কাজিরহাট বাজারের কাছে এলে জামায়াত-শিবিরের সমর্থক এবং কওমি মাদ্রাসার ছেলেরা তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়েন। তাঁদের সবার হাতে ছিল লাঠি, দা ও কিরিচ। আওয়ামী লীগের কর্মী জানে আলমের মাথায় আঘাত করা হয়েছে দা ও কিরিচ দিয়ে। হামলায় তাঁর দুটি দাঁত পড়ে গেছে। কপালে, ঠোঁটে, চোখেও রয়েছে জখমের চিহ্ন। তিনি জানান, হামলাকারীরা মসজিদের মাইক থেকে লোকজনকে তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। গুজব রটানো হয়, বড় হুজুরের ওপর হামলা করতে আসছে আমাদের মিছিলটি।হাতে আঘাত পেয়েছেন ফটিকছড়ির ভক্তপুর ইউনিয়ন পরিষদ সদস্য আকতার হোসেন। তিনি জানান, হামলাকারীরা তাঁকে চারদিক থেকে ঘিরে ধরে। তাদের সবার হাতে ছিল লাঠি, কিরিচ, রামদা। এ সময় তারা তাঁর মাথায় আঘাত করার চেষ্টা করলে তিনি হাত দিয়ে তা প্রতিহত করেন। ফলে তাঁর হাতে লাঠির আঘাত লাগে। চট্টগ্রাম মেডিকেলে ভর্তি ৩২ জন: ফটিকছড়ির ঘটনায় আহত অন্তত ১০ জন গতকাল বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজে জরুরি বিভাগে ভর্তি হয়েছেন। তাঁরা হলেন জানে আলম মেম্বার (৩৫), বদিউর রহমান (৪৫), বাবর (২২), আবুল কাশেম (৩৫), মো. মনসুর উদ্দিন, মো. আকতার হোসেন মেম্বার (৩০), মো. হান্নান (২১), জাফর আহমেদ চৌধুরী (৩৫), সারোয়ার (৩৫) ও শাহাবুদ্দিন (৩২)।