ফটিকছড়িতে ব্যবসায়ী নেতা হত্যা: ১৪৪ ধারা বহাল
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ব্যবসায়ী মো. আবদুল গণিকে হত্যার ঘটনায় জারি করা ১৪৪ ধারা আজ রোববার এখনো বহাল আছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় তিন দিনের শোক পালন করছেন স্থানীয় ব্যবসায়ীরা।হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।উল্লেখ্য, গতকাল বিকেলে উপজেলার হেঁয়াকো বাজারের পাশে নিজ বাড়ির পাশেই আবদুল গণিকে প্রকাশ্যে জবাই করে হত্যা করা হয়। এ সময় তাঁকে উদ্ধার করতে এগিয়ে এলে তাঁর ভাগিনা সিরাজুল ইসলামকেও এলোপাতাড়ি কুপিয়ে আহত করে দুষ্কৃতকারীরা।সরেজমিনে গেলে আজ এই প্রতিনিধিকে নিহত আবদুল গণির মেয়ে সোহেদা আকতার জানায়, ‘বাবাকে আমার সামনেই দুষ্কৃতকারীরা জবাই করেছে। তাদের মধ্যে ফারুক, জাকির ও তার স্ত্রী, আবদুর রহিম ও তার স্ত্রী, সবুজ, মনির, জরিনা, মনোয়ারা ও তাঁর স্বামী, জাকির, অহিদ, মোস্তফা, ওমর আলী, নুরুজ্জামান, সেলিম, আবু আহমদসহ আরও কয়েকজন ছিল। আমি তখন সামনে থেকে চিত্কার করছিলাম। কিন্তু কেউ বাবাকে রক্ষায় এগিয়ে আসেনি।’সরেজমিনে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তিদের ঘরে এখনো আগুন জ্বলছে। ক্ষুব্ধ জনতার ব্যাপক ভাঙচুরসহ অগ্নিসংযোগের কারণে অভিযুক্ত ব্যক্তিরা এলাকা ছেড়ে অন্যত্র পালিয়েছেন। এ পর্যন্ত ২৪টি ঘরে আগুন দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে।ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদিন জানান, তাঁরা হেয়াকো বাজারের বণিক কল্যাণ সমিতির সভাপতি মো. আবদুল গনিকে জবাই করে হত্যার ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা বুকে কালো ব্যাজ এবং দোকানে কালো পতাকা টানিয়ে শোক পালন করছেন। আজ বেশির ভাগ দোকানই ছিল বন্ধ।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জনা খান মজলিশ বলেন, লাশ দাফনের সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে আজ ও কাল সোমবার পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে।ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।