ফটিকছড়িতে শিক্ষককে জবাই করে হত্যা
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক শিক্ষককে জবাই করে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার আজিমনগর গ্রামের তেলপারই খাল থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত শিক্ষকের নাম বিকাশচন্দ্র সেন। তাঁর বাবার নাম প্রভাতচন্দ্র সেন। তিনি উপজেলার পেশকারহাট উচ্চবিদ্যালয়ের ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক। ১৬ বছর ধরে তিনি উপজেলার নাজিরহাট বাজারের ভাড়া বাসায় থাকতেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।নিহত শিক্ষকের ভাতিজা সুজয় সেন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে তিনি ফটিকছড়ির বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। উপজেলার দৌলতপুর গ্রামের সাদা মসজিদসংলগ্ন এলাকার মো. কাশেম নামের এক ভক্তের সঙ্গে বিকাশের ভালো সম্পর্ক ছিল। গত রোববার সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। সুজয় ধারণা করছেন, ব্যক্তিগত কোনো রেষারেষির কারণে তাঁকে হত্যা করা হতে পারে। ওই সময় থেকে কাশেমের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুর আহমদ প্রথম আলোকে বলেন, বিকাশকে জবাই করে হত্যা করা হয়েছে। লাশের শরীরের বিভিন্ন স্থানে ছুরিঘাতের ৮-১০টি চিহ্ন এবং রক্তের দাগ রয়েছে। এ ছাড়া লাশের পাশে একটি লাল রঙের গামছা ও ৩০০ গজ দূরে জমির ওপর রক্তের কয়েকটি চাপ দেখা গেছে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।