ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন হেঁয়াকো বনবিটের পাশে একটি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুজন আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন ভূজপুর থানার মো. মাঈনুদ্দিন ও মিরসরাই থানার কয়লা গ্রামের মো. আমজাদ। আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে ফেনীগামী ইটভর্তি একটি ট্রাক উপজেলার বনবিট কার্যালয় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দুজন আরোহীসহ একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মাঈনুদ্দিন নিহত এবং আমজাদ গুরুতর আহত হন। পরে আমজাদকে ফেনী সদর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে দুপুরে তাঁর মৃত্যু হয়।ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন প্রথম আলোকে জানান, ট্রাক ও মোটরসাইকেলটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।