ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী সেয়াখত ‘বন্দুকযুদ্ধে’ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে গতকাল শুক্রবার ভোররাতে র‌্যাব ও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী সেয়াখত ওরফে সেয়াখইত্যা নিহত হয়েছেন। তিনি চট্টগ্রামের বিএনপির নেতা ও ব্যবসায়ী জামালউদ্দিন অপহরণ ও হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত অন্যতম আসামি। তিনি ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী টিপু বাহিনীর দ্বিতীয় শীর্ষ ব্যক্তি ছিলেন বলে জানা গেছে।পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সেয়াখতের বিরুদ্ধে ব্যবসায়ী জামালউদ্দিন অপহরণসহ ১৪টি মামলা রয়েছে। এর মধ্যে সাতটি খুন, অপহরণের পর হত্যা দুটি, অস্ত্র আইনে দুটি, পুলিশের ওপর হামলার ঘটনায় একটি এবং জননিরাপত্তা আইনে একটি মামলা আছে। সেয়াখত ফটিকছড়ির দক্ষিণ পাইন্দং গ্রামের মৃত তোফাজ্জল হোসেন ওরফে গুরা মনার ছেলে।র‌্যাবের উপঅধিনায়ক মেজর আবদুস সামাদ প্রথম আলোকে জানান, র‌্যাব-পুলিশের কাছে খবর আসে, সেয়াখত ১০-১৫ জন সহযোগীকে নিয়ে তাঁর নিজ এলাকা পাইন্দংয়ের ঈদগাহ-সংলগ্ন এলাকায় বৈঠক করছেন। তাঁদের ধরতে র‌্যাব-পুলিশের সদস্যরা বৃহস্পতিবার রাতে ওই এলাকা ঘিরে ফেলেন। অবস্থা টের পেয়ে সেয়াখত ও তাঁর সহযোগীরা র‌্যাব-পুলিশকে লক্ষ্য করে গুলি চালান। র‌্যাব এবং পুলিশের সদস্যরাও পাল্টা গুলি চালালে উভয়পক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ শুরু হয়। প্রায় ১০-১৫ মিনিট ধরে চলে এই বন্দুকযুদ্ধ। অভিযানে অংশ নেওয়া হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বাবুল আকতার বলেন, ‘বন্দুকযুদ্ধে টিকতে না পেরে একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। গুলির শব্দ ও হইচই শুনে স্থানীয় লোকজনও ঘটনাস্থলে আসে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। গ্রামবাসী তাকে সেয়াখত বলে শনাক্ত করে। দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।’ পুলিশ সূত্র জানায়, ঘটনাস্থল থেকে একটি দেশে তৈরি একনলা বন্দুক, একটি এয়ারগান, চায়নিজ রাইফেলের পাঁচটি গুলি, বন্দুকের ১২টি তাজা কার্তুজ, একটি খাকি পোশাক, ১০টি বিয়ার, পাঁচ জোড়া স্যান্ডেল, চিপসের দুটি খালি প্যাকেট, সিগারেটের চারটি প্যাকেট এবং দেশলাইয়ের দুটি বাক্স উদ্ধার করা হয়। যেভাবে উত্থান: ১৯৯৭ সালে ফটিকছড়ির টিপু বাহিনীর প্রধান টিপু নিহত হলে ওসমান বাহিনীর প্রধান ওসমানের সঙ্গে সেয়াখত সন্ত্রাসী কার্যক্রম শুরু করেন। পরে ওসমানের সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি দল ত্যাগ করেন। এরপর ওসমানের ঘনিষ্ঠ সহযোগী বাবুলের দুই হাতের কবজি কেটে নেন সেয়াখত। তিনি ওসমানের দল ত্যাগ করে ফটিকছড়ির কাশেম চেয়ারম্যানের সঙ্গে যোগ দেন। পুলিশ সূত্র জানায়, কাশেম চেয়ারম্যান বর্তমানে দুবাইয়ে আছেন। তিনি বিএনপির নেতা জামালউদ্দিন অপহরণ ও হত্যা মামলার প্রধান আসামি। এতে কাশেম চেয়ারম্যানকে সহযোগিতা করেন সেয়াখত। ১৯৯৯ সালের ডিসেম্বরে সেয়াখতের হাতে বেড়াজালির মুছা মিয়ার চায়ের দোকানের সামনে খুন হন নাছির উদ্দিন নামে এক যুবক। ২০০০ সালের জুলাইয়ে কাঞ্চননগর-বন্দরটিলা সড়কের উৎখরংগা এলাকায় সেয়াখতের নেতৃত্বে সন্ত্রাসীরা প্রকাশ্যে ছাত্রলীগের তিন কর্মী ইলিয়াস, মাসুদ ও খোরশেদকে গুলি করে হত্যা করে। ২০০০ সালের মার্চে দক্ষিণ পাইন্দং এলাকায় নজরুল ও ইউনুছ নামে আরও দুজনকে গুলি করে হত্যা করেন সেয়াখত। ওই বছরেরই আগস্টে তাঁর হাতে খুন হন দক্ষিণ রাঙামাটিয়ার রফিক। ইটভাটায় পুড়িয়ে মারা হয় রফিককে। সম্প্রতি ওসমান বাহিনীর প্রধান ওসমান নিহত হলে সেয়াখত এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করেন। এরই অংশ হিসেবে গত ১৬ জুন ফটিকছড়ির ব্যবসায়ী রফিককে স্ত্রীর সঙ্গে বিবাদ মিটিয়ে দেওয়ার কথা বলে কৌশলে ডেকে নিয়ে নিজ হাতে জবাই করেন তিনি। ব্যবসায়ী রফিকের খুনের পর র‌্যাব-পুলিশ সেয়াখতকে ধরতে জোর অভিযান শুরু করে।এলাকায় মিষ্টি বিতরণ: গতকাল ভোরে ফজরের আজান হয়েছে। ভোরের আলো তখনও ফোটেনি। র‌্যাব ও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আহত সেয়াখতকে পুলিশ ও কয়েকজন লোক ধরাধরি করে হাসপাতালে নিতে গাড়িতে উঠাচ্ছিলেন। এ সময় এক বৃদ্ধা এসে বলেন, ‘সেয়াখতকে আমারে একটু দেখাবানি।’ তার পরই ওই বৃদ্ধা সেয়াখতের মুখে লাথি মারতে মারতে চিৎকার করে বলেন, ‘অনেক মায়ের বুক খালি করিছিস তুই।... তোরে আর রক্ষা নেই...।’ বৃদ্ধার লাথি আর থামে না। এদিকে সেয়াখতের মৃত্যুর খবর শুনে এলাকার লোকজন আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন।