ফটোগ্রাফিতে পেশা
জীবন ও পারিপার্শ্বিকতার আনন্দময় ও গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ফ্রেমবন্দী করে রাখতে চাইলে ফটোগ্রাফ বা আলোকচিত্রের জুড়ি নেই। যা অনেকেই সচরাচর শখের বশে করে থাকেন। কিন্তু এই শখটাও হয়ে উঠতে পারে আপনার আয়রোজগারের উপায়। তবে যাঁরা সৃজনশীলতা ও একাগ্রতার মাধ্যমে পেশা গড়তে চান, তাঁদেরই এই পথে আসা উচিত। ফটোগ্রাফি শেখার প্রতিষ্ঠান পাঠশালা দ্য সাউথ এশিয়ান মিডিয়া একাডেমির শিক্ষক ও ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ হোসেন বলেন, ‘ফটোগ্রাফি হলো প্রচণ্ড শক্তিশালী একটা মাধ্যম। আর একটি ছবি আপনার ভাবনার জগতে প্রচণ্ডভাবে নাড়া দিতে সক্ষম। চীনা ওই প্রবাদটা বোধ হয় ফটোগ্রাফির সঙ্গে খুব মিলে যায়। একটি ছবি হাজার কথার চেয়েও বেশি আবেদন সৃষ্টি করতে পারে।’‘চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি’র কর্ণধার চঞ্চল মাহমুদ বলেন, ‘চিত্রশিল্পীরা রংতুলির আঁচড়ে প্রাণবন্ত করে তোলেন ক্যানভাসের চিত্রকর্মকে, আর ফটোগ্রাফাররা আলো দিয়ে ছবি আঁকেন। এটা যেন আলোর খেলা।’ ফটোগ্রাফি শেখার নানা ভাগ: যাঁরা এই পেশায় আসতে চান তাঁদের জন্য দেশে নানা ধরনের প্রশিক্ষণ নেওয়ার সুযোগ রয়েছে।সাজ্জাদ হেসেন জানান, পাঠশালা ফটোগ্রাফি এক মাসের বেসিক কোর্স, দুই মাসের ফাউন্ডেশন কোর্স আর ছয় মাস অন্তর তিন বছরমেয়াদি একাডেমিক কোর্স করিয়ে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও একটা বেসিক বা মৌলিক কোর্স করানো হয় বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটির (ডিইউপিএস) সভাপতি শুভাশিষ রঞ্জন সরকার। ‘চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি’তে চার মাসের ডিপ্লোমা করানো হয়।কী শিখবেন ফটোগ্রাফিতে: গলায় ক্যামেরা ঝুলিয়ে বেরিয়ে পড়লেই কিন্তু পেশাদার ফটোগ্রাফি হয় না। এ জন্য প্রশিক্ষণ দরকার। তাহলে আপনি ফটোগ্রাফির ইতিহাস, ক্যামেরা লেন্সের কাজ, সাটার স্পিড, লাইটের কাজ, ফ্লাশের কাজসহ বিভিন্ন কলাকৌশল সম্পর্কে জানতে পারবেন। এ ছাড়া প্রশিক্ষণকালে সবিস্তারে পড়ানো হয় নৃবিজ্ঞান, তথ্যচিত্র, প্রামাণ্যচিত্রের কাজ, ফটোজার্নালিজম, ডিজিটাল ফটোগ্রাফি ও ফ্যাশন ফটোগ্রাফি প্রভৃতি শেখানো হয়। বেগ আর্টস ইনস্টিটিউট অব ফটোগ্রাফির পরিচালক ও শিক্ষক ইমতিয়াজ আলম বেগ বলেন, ‘শিক্ষার্থী আসলে কত সময়ের কোর্স করছে তার ওপরে নির্ভর করে সে কতটুকু শিখবে।’ যোগ্যতা: ফটোগ্রাফি শেখার জন্য প্রতিষ্ঠানভেদে ভিন্ন ভিন্ন যোগ্যতা চাওয়া হয়। সাধারণত বেসিক বা মৌলিক কোর্সের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া না হলেও ডিপ্লোমা আর এডুকেশন কোর্স বা গ্র্যাজুয়েশনের জন্য এইচএসসিতে প্রতিষ্ঠানভেদে জিপিএ-৩ থেকে ২.৫০ পর্যন্ত চাওয়া হয়।পেশা হিসেবে কেমন?পাঠশালার প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমানে একটি প্রথম শ্রেণীর দৈনিকের ফটোসাংবাদিক জাহিদুল করিম বলেন, ফটোগ্রাফিকে পেশা হিসেবে বেছে নেওয়ার এটাই সুবর্ণ সময়। কেবল সংবাদপত্রেই নয়, দেশে বিভিন্ন এনজিওতে, টিভি মাধ্যমে কিংবা আলাদাভাবে ফ্যাশন ফটোগ্রাফিও করা যায়। এ ছাড়া দেশের বাইরেও কাজ করার সুযোগ রয়েছে। একটি দৈনিকের ফিচার ফটোগ্রাফার দিপঙ্কর দিপু বলেন, ‘ক্যারিয়ার হিসেবে ফটোগ্রাফি যেমন সৃজনশীল তেমনি এতে অ্যাডভেঞ্চারেরও সুযোগ রয়েছে।’ ওয়েডিং ফটোগ্রাফার খ্যাত প্রীত রেজা বলেন, ফ্রিল্যান্স ফটোগ্রাফার হিসেবেও কাজ করা যায়। ওয়েডিং ফটোগ্রাফি নিয়েও কাজ করা যায়। ছাত্রাবস্থায়ও যে কেউ পড়াশোনার ফাঁকে ফটোগ্রাফি করতে পারেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহসিনুল মজিব বলেন, ‘মূলত শখের বসেই ছবি তুলি। আর এখান থেকে কিছু আয় হলে খারাপ কি।’খরচপাতি: প্রতিষ্ঠানভেদে ফটোগ্রাফি শেখার খরচটাও আলাদা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি সোসাইটিতে (ডিইউপিএস) বেসিক বা মৌলিক কোর্স করতে খরচ পড়বে এক হাজার ৮০০ টাকা। তবে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলে ৯৫০ টাকায় করা যাবে। পাঠশালার বেসিক কোর্সের জন্য চার হাজার টাকা, ফাউন্ডেশন কোর্সের জন্য ছয় হাজার টাকা আর একাডেমিক কোর্সের ছয় মাস অন্তর তিন বছরে ছয়টি সেমিস্টারের প্রতি সেমিস্টারের কোর্স ফি ২৫ হাজার টাকা লাগে। চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি থেকে চার মাসের ডিপ্লোমাতে খরচ পড়বে ১৫ হাজার টাকা। বেগ আর্টস ইনস্টিটিউট থেকে দেড় মাসের বেসিক কোর্স করতে তিন হাজার টাকা লাগে।আর এক বছরের ডিপ্লোমা করতে পাঁচ হাজার টাকা ও প্রতি মাসের বেতন দুই হাজার টাকা।যোগাযোগ: পাঠশালা দ্য সাউথ এশিয়ান মিডিয়া একাডেমি: ১৬ শুক্রাবাদ, পান্থপথ, ঢাকা-১২০৭ www.pathshala.netবেগ আর্টস ইনস্টিটিউট: ৮৩ ল্যাবরেটরি রোড, ঢাকা-১২০৫চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি: সড়ক নম্বর-২, বাড়ি-১, ধানমন্ডি, ঢাকাwww.chanchalmahamood.comঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটি: টিএসসির দ্বিতীয় তলায়।