ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের ঘটনায় পুলিশের চার মামলা, গ্রেপ্তার ২৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটী ও সিদ্ধিরগঞ্জে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে গতকাল রোববার রাতে চারটি মামলা করেছে। এর মধ্যে ফতুল্লা মডেল থানায় দুটি ও সিদ্ধিরগঞ্জ থানায় দুটি মামলা হয়েছে। চার মামলায় শতাধিক ব্যক্তির নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও কয়েক শ লোককে আসামি করা হয়েছে। ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থেকে পুলিশ ২৪ জনকে গ্রেপ্তার করেছে। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ মামলাটি দুটি করেন। তিনি জানান, মামলায় সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও হত্যার চেষ্টা, অস্ত্র লুট, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আনা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি মামলাতেও সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও হত্যার চেষ্টা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আনা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার এসআই শাহজাহান মনির ও আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলা দুটি করেন। জেলার পুলিশ সুপার শেখ নাজমুল আলম গতকালের ঘটনায় চারটি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ এসব মামলায় ২৪ জনকে গ্রেপ্তার করেছে। প্রসঙ্গত, ৩০ ঘণ্টার হরতালের প্রথম দিনে গতকাল ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের দফায় দফায় সংঘর্ষে পুলিশের ১২ সদস্যসহ প্রায় ১০০ লোক আহত হয়।